আমি ভোট দিয়েছি, আপনারাও ভোট দিন: আজহারী
ছবি: সংগৃহীত
০৩:২১ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
নিজের ভোটাধিকার প্রয়োগ করে সবাইকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক ও আলেম মাওলানা মিজানুর রহমান আজহারী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোট প্রদান শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক পোস্টে তিনি বলেন, আমি ভোট দিয়েছি, আপনারাও ভোট দিন। নিজের প্রতিনিধিত্ব নিশ্চিত করুন।
এর আগে বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোটের গুরুত্ব তুলে ধরে আরেকটি পোস্টে তিনি সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। ওই পোস্টে মিজানুর রহমান আজহারী লেখেন, ভোটার হিসেবে আমাদের দায়িত্ব যেমন সৎ ও যোগ্য ব্যক্তিকে আমানত সোপর্দ করা; তেমনি বিজয়ী প্রার্থীর নৈতিক দায়িত্ব হলো সেই আস্থার অমর্যাদা বা খেয়ানত না করা। জেনে-শুনে অসৎ ও অযোগ্য ব্যক্তিকে ভোট দেয়া যেমন খেয়ানত; তেমনই দায়িত্বপ্রাপ্ত হয়ে সুশাসন ও জনগণের অধিকার নষ্ট করাও খেয়ানত।
এদিকে সারাদেশে উৎসবমুখর পরিবেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। পাশাপাশি জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্র সংস্কার বিষয়ে একটি গণভোটও অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে দুটি আলাদা ব্যালটে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

এর মধ্যে একটি ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের জন্য, যেখানে ভোটাররা তাদের পছন্দের সংসদ সদস্য প্রার্থীর প্রতীকে ভোট দিচ্ছেন। অপর ব্যালটটি জুলাই সনদ বাস্তবায়নের ওপর গণভোটের জন্য, যেখানে প্রস্তাবিত জুলাই সনদ বাস্তবায়নে জনগণের সমর্থন আছে কি না সে বিষয়ে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট প্রদান করছেন ভোটাররা।
সাধারণ মানুষের পাশাপাশি এই নির্বাচনে অংশ নিচ্ছেন বিভিন্ন আলেম, বক্তা ও জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্বরা। এরই ধারাবাহিকতায় নিজের ভোটাধিকার প্রয়োগ করেন মাওলানা মিজানুর রহমান আজহারী।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিভিন্ন ভোটকেন্দ্র থেকে পাওয়া তথ্যে জানা গেছে, এখন পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে গড়ে ৩২.৮৮ শতাংশ ভোট কাস্টিং হয়েছে। ইসি সচিব জানান, সারাদেশের মোট ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের তথ্যের ভিত্তিতে এই হিসাব পাওয়া গেছে। গ্রামীণ এলাকায় ভোটার উপস্থিতি শহরাঞ্চলের তুলনায় কিছুটা বেশি লক্ষ্য করা যাচ্ছে।
এসএস/টিএ