নির্বাচন সুষ্ঠু হলে ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটে বিজয়ী হব: আব্দুল মান্নান
ছবি: সংগৃহীত
০৩:৫৫ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হলে বিপুল ভোটে বিজয়ী হওয়ার বিষয়ে আশা প্রকাশ করেছেন ঢাকা-৬ আসনে ১১ দলীয় জোট সমর্থিত, জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ড. আব্দুল মান্নান। তিনি বলেন, ঢাকা-৬ আসনের ১০০টা কেন্দ্রের মধ্যে সরকারিভাবে ৭৯টা কেন্দ্র ঝুঁকিপূর্ণ। আমি মনে করি যে অধিকাংশই ঝুকিপূর্ণ। এই ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো যাতে সুন্দরভাবে ভোট সম্পন্ন হয়, এটা আমরা আশা করব।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টায় পুরান ঢাকার গেণ্ডারিয়া উচ্চ বিদ্যালয় নিজ কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ভোট দেওয়া শেষে ড. আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, স্বতঃস্ফূর্তভাবে শত শত নারী পুরুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। আমি সকাল সাড়ে ৭টায় গেন্ডারিয়া উচ্চবিদ্যালয় তৃতীয়তলায় ভোট দিয়েছি। আমি আমার জীবনের প্রথম ভোট জাতীয় নির্বাচনে দিতে পেরেছি।
ইতিপূর্বে আমি ভোট দিতে পারি নাই। প্রার্থী হিসেবেই প্রথম ভোট দিয়েছি। যদি ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় থাকে, আমি আশাবাদী, আমরা বিপুল ভোটে বিজয় লাভ করবো। ভোটের পরিবেশ কেমন- জানতে চাইলে তিনি বলেন, আলহামদুলিল্লাহ ভোটের পরিবেশ এখনো পর্যন্ত সুন্দর আছে।
কিছু অগোছালো মিসম্যানেজমেন্ট ছিল। যেমন সকালে ভোট শুরু করতেই একটু দেরি হয়েছে। কারণ আপনারা জানেন যে পোলিং এজেন্টদের যে কার্ডগুলো এটা সকাল থেকেই ইস্যু করেছে। যার কারণে অনেক কেন্দ্রে টাইমলি ভোট শুরু হয়নি। ফলে কেন্দ্রের গেট বন্ধ থাকায় ভোটাররা হুলস্থুল করেছে।
তিনি বলেন, ইতিমধ্যে আমরা খবর পাচ্ছি, বাংলাবাজার কেন্দ্রে আমাদের এজেন্টদেরকে ঢুকতে পোলিং ও প্রিজাইডিং অফিসার সমস্যা করেছে। ভোটের বাক্সগুলো দেখানোর ব্যাপারে তাদের আপত্তি রয়েছে। এছাড়া রাত্রে অনেকগুলো ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো নিয়ে আমরা নির্বাচন কমিশনের বিভিন্ন প্রতিনিধিদের সাথে কথা বলেছি, প্রেস ব্রিফিং করেছি।
বাংলাবাজার বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে কি সমস্যা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ব্যালট বাক্স দেখানোর ব্যাপারে আপত্তি জানিয়েছেন। আমাদের লোকরা সকালে যখন গিয়েছে, তারা বলেছে আপনারা দেরি করছেন। এই ধরনের ছলচাতুরি করে সময় নষ্ট করেছে। ভোট শুরুর আগে যদি এরকম করে তাহলে তো এটা অবশ্যই আপত্তিজনক।
আপনাদের পক্ষ থেকে কি ব্যবস্থা নিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, দলীয়ভাবে আমাদের ব্যবস্থা আছে। আমাদের ভোটাররা, সাধারণ মানুষ সেখানে থাকবে, সেখানে কোনো অনিয়ম বিশৃঙ্খলা করতে গেলে সাধারণ ভোটাররা সেগুলো প্রতিহত করবে।
আব্দুল মান্নান বলেন, আজকে ভোট কেন্দ্রগুলোতে মা বোনদের উচ্চেপড়া ভিড় আপনারা দেখেছেন। প্রতিটা বুথেই ভিড় আছে। মানুষ গণতন্ত্রের উত্তরণ চায়। নিরাপদ বাংলাদেশ চায়, স্থিতিশীল বাংলাদেশ চায়।
ঢাকা-৬ আসনে গেন্ডারিয়া, সূত্রাপুর, ওয়ারি ও কোতোয়ালি থানার আংশিক নিয়ে গঠিত। পূর্বে গেন্ডারিয়া, পশ্চিমে সিদ্দিক বাজার, উত্তরে ফুলবাড়িয়া ও দক্ষিণে নাজিরাবাজার। এ আসনে মোট ২ লাখ ৯২ হাজার ২৮৩ জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫২ হাজার ৫১৯ জন, নারী ভোটার এক লাখ ৩৯ হাজার ৭৬১ জন এবং তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটার রয়েছে।
এসব থানায় ৩৪ নং, ৩৭ নং, ৩৮ নং, ৩৯ নং, ৪০ নং, ৪১নং, ৪২ নং, ৪৩ নং, ৪৪ নং ,৪৫ নং এবং ৪৬ নং সহ মোট ১১ টি ওয়ার্ড। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০৮টি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আব্দুল মান্নান। এছাড়া জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে আমির উদ্দিন আহমেদ (ডালু), গণফ্রন্ট থেকে মাছ প্রতীকে আহম্মেদ আলী শেখ, বাংলাদেশ মুসলিম লীগ থেকে হারিকেন প্রতীকে মো. আকতার হোসেন, বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীকে মো. ইউনুস আলী আকন্দ ও গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে মো. ফখরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এসএস/টিএ