© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বগুড়ায় দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৫৩ শতাংশের বেশি

শেয়ার করুন:
বগুড়ায় দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৫৩ শতাংশের বেশি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৬ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
বগুড়ার সাতটি সংসদীয় আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এই ভোট উৎসবে দুপুর ২টা পর্যন্ত সাড়ে ছয় ঘণ্টায় জেলাজুড়ে গড়ে ৫৩ দশমিক ১৪ শতাংশ ভোট পড়েছে। বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, জেলার ৯৮৩টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। এখন পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করছেন।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আসনভিত্তিক ভোটের হারে এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে আছে বগুড়া-৬ (সদর) আসন, যেখানে ৫৬ দশমিক ৩৪ শতাংশ ভোট পড়েছে। এ ছাড়া বগুড়া-১ আসনে ৫০ দশমিক ৭৯ শতাংশ, বগুড়া-২ আসনে ৫১ শতাংশ, বগুড়া-৩ আসনে ৫২ দশমিক ৯৮ শতাংশ, বগুড়া-৪ আসনে ৫৫ দশমিক ৮৭ শতাংশ, বগুড়া-৫ আসনে ৫১ দশমিক ১৯ শতাংশ এবং বগুড়া-৭ আসনে ৫৩ দশমিক ৮১ শতাংশ ভোট পড়েছে।

ভোটের এই হার নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন।

বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, ‘সব কেন্দ্রে যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ চলছে। ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি।

উল্লেখ্য, বগুড়ার সাতটি নির্বাচনী এলাকায় পোস্টাল ব্যালট ব্যতীত মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৫৭ হাজার ৪২৪ জন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এমআর/এসএন 

মন্তব্য করুন