জয়-পরাজয় মহান আল্লাহ তাআলার হাতে নির্ধারিত : গোলাম পরওয়ার
ছবি: সংগৃহীত
০৬:৩৭ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ভোট দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জনগণের রায়ের মাধ্যমেই দেশ পরিচালনার ভবিষ্যৎ নির্ধারিত হবে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর খুলনার ফুলতলা উপজেলার পশ্চিম শিরোমনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ১ নম্বর পুরুষ বুথে সকাল ৭টা ৫৫ মিনিটে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটদান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই অভ্যুত্থানে সহস্র মানুষের জীবন ও হাজারো মানুষের আহত-নির্যাতনের স্মৃতি রয়েছে। নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণের জন্য আজকের ভোট তাৎপর্যপূর্ণ।’
তিনি আরো বলেন, ‘ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণই রাষ্ট্র পরিচালনার দিকনির্দেশনা নির্ধারণ করবেন। জয়-পরাজয় মহান আল্লাহ তাআলার হাতে নির্ধারিত।
আমাদের দায়িত্ব ছিল মানুষের কাছে আমাদের আদর্শ পৌঁছে দেওয়া। এখন জনগণ সিদ্ধান্ত নেবে কারা দেশ পরিচালনা করবে, তা জনগণের রায়ের মাধ্যমেই প্রতিফলিত হবে, ইনশাআল্লাহ।’
এমআর/টিএ