ঢাকা-১৯ আসনের ৯ কেন্দ্রে এগিয়ে ধানের শীষ
ছবি: সংগৃহীত
০৬:৪১ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ভোট গণনা শুরু হয়েছে। এই আসনে মোট ২৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৯টি কেন্দ্রের বেসরকারি ও প্রাথমিক ফলাফল পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ভোটগ্রহণ শেষ হওয়ার পর প্রিজাইডিং কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্যে দেখা যাচ্ছে, বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন বাবু তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে রয়েছেন।
৯ কেন্দ্রের ফলাফলে দেখা যায়, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাউদ্দিন বাবু ৩৭৬৯ ভোট পেয়ে বর্তমানে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে ১১ দলীয় ঐক্যজোটের শাপলা কলি প্রতীকের প্রার্থী দিল শানা পারুল পেয়েছেন ৩৩৪৬ ভোট।
প্রাথমিক এই ফলাফলে দেখা যাচ্ছে, ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন বাবু তার প্রধান প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪২৩ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন। বাকি ২৬৬টি কেন্দ্রের ভোট গণনা শেষ হওয়ার পর চূড়ান্ত ফলাফল জানা যাবে।
সকাল থেকেই সাভার ও আশুলিয়ার কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ সময় পর একটি প্রতিযোগিতামূলক নির্বাচন হওয়ায় সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। অনেক কেন্দ্রে ভোটার উপস্থিতি ৬০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচনকে কেন্দ্র করে পুরো নির্বাচনী এলাকায় গড়ে তোলা হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবি এবং সেনাবাহিনী মোতায়েন থাকায় ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে আসতে পেরেছেন। এখন পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষ হওয়ার পর দেশজুড়ে কেন্দ্রভিত্তিক ভোট গণনা চলছে।
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন শুক্রবার সকালে সারা দেশ থেকে আসা ফলাফল গণনা করে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে।
কমিশন সূত্রে জানা গেছে, শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত থাকায় আজ ২৯৯টি সংসদীয় আসনে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে মোট ৫০টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। মোট ২ হাজার ২৮ জন প্রার্থীর মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এবারের নির্বাচনে ভোটাররা সংসদ সদস্য নির্বাচনের ব্যালটের পাশাপাশি সংবিধানের আমূল পরিবর্তনের লক্ষ্যে ‘জুলাই সনদ ২০২৫’ বাস্তবায়নের প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিয়েছেন।
এমআই/টিএ