© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হঠাৎ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ নিয়ে পাটওয়ারী

শেয়ার করুন:
হঠাৎ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ নিয়ে পাটওয়ারী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৩ পিএম | ১২ ফেব্রুয়ারি, ২০২৬
দেশব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে প্রথমবারের মতো এই নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোট। উৎসবমুখর পরিবেশে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একটানা চলেছে ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা পর্ব।

এরই মধ্যে বিভিন্ন কেন্দ্র থেকে ভোট গণনা শেষে আসতে শুরু করেছে ফল। সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়ে ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারীকে পেছনে ফেলে অনেকটা এগিয়ে গেছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস।

তবে, আসনের ছয় কেন্দ্রে ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ নিয়ে ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গেছেন শাপলা কলি প্রতীকের নাসীরুদ্দীন পাটওয়ারী। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সঙ্গে দেখা করতে যান তিনি।

জামায়াত জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে থাকা তার প্রধান নির্বাচনি এজেন্ট শাহিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ইস্কাটন বালক উচ্চ বিদ্যালয়, পল্টনের পরিবার পরিকল্পনা কেন্দ্র, মাহবুব আলী ইন্সটিটিউট ও মির্জা আব্বাস কলেজ কেন্দ্রগু‌লো‌তে অনিয়ম করা হচ্ছে।

শাহিন আহমেদের অভিযোগ, মির্জা আব্বাস কলেজে বেশি ভোট পাওয়ার পরও আবার ভোট গণনার জন্য এজেন্টদের আটকে রাখা হয়েছে।

তিনি বলেন, এই কেন্দ্রগুলোতে তিনবার ভোট গণনা করে এজেন্টদের আটকে রেখে বাতিল ভোট যুক্ত করে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। কেন্দ্রগুলোর খবর আমরা পেয়েছি, আরও কয়েকটি কেন্দ্রেও এজেন্টদের আটকে রাখার খবর পাচ্ছি। এই কেন্দ্রগুলোতে আমরা এগিয়ে থাকার পরেও ফলাফল ঘোষণা করছেন না। এগুলোর অভিযোগ দিতেই এসেছেন নাসীরুদ্দীন পা‌টওয়া‌রী।

এসকে/টিএ

মন্তব্য করুন