মেজর হাফিজ ধানের শীষ প্রতীকে ভোলা-৩ আসনে জয়ী
ছবি: সংগৃহীত
১২:৩০ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম)।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ফলাফল গণনার পর এই তথ্য জানা গেছে।
ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত এজেন্টদের ঘোষিত বেরসরকারি ফলাফল অনুযায়ী, হাফিজ উদ্দিন আহমদ পেয়েছেন এক লাখ ৫১ হাজার ৭৭৪ ভোট। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াত সমর্থিত প্রার্থী মুহাম্মদ নিজামুল হক নাঈম ফুলকপি প্রতীক নিয়ে পেয়েছেন ৫৫ হাজার ৬৬০ ভোট।
বিজয়ী প্রতিক্রিয়ায় মেজর (অব.) হাফিজ বলেন, এই বিজয় আমার একার নয়, এটি লালমোহন-তজুমদ্দিনের মানুষের বিজয়। আগামীতে মানুষের অধিকার, উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় আমি আপসহীন থাকবো।
লালমোহন-তজুমদ্দিন উপজেলা নিয়ে গঠিত ভোলা-৩ আসন। এ আসনে ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন রয়েছে। আসনটিতে মোট ভোটকেন্দ্র ১১৯টি। এ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ৫৯৭ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ১৭ জন, মহিলা ভোটার ১ লাখ ৮৭ হাজার ৫৭৭ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৩ জন।
জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা যায়, দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়ে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ ছিল। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। এই নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)। রাজনৈতিক দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি। তাদের প্রার্থী সংখ্যা ২৯১ জন। এই নির্বাচনে নিবন্ধিত ১০টি রাজনৈতিক দল কোনো প্রার্থী দেয়নি।
এসকে/টিএ