© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ময়মনসিংহ-১ আসনে প্রিন্সকে হারিয়ে সালমান জয়ী

শেয়ার করুন:
ময়মনসিংহ-১ আসনে প্রিন্সকে হারিয়ে সালমান জয়ী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৯ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) আসনের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেল। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির যুগ্ম মহাসচিব ও ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে ৬ হাজার ৩৩৯ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এই আসনের মোট ১৪৩টি ভোটকেন্দ্রে (হালুয়াঘাটে ৯৪টি ও ধোবাউড়ায় ৪৯টি) মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ৬৪ হাজার ৬৭৩টি।

এর মধ্যে সালমান ওমর রুবেল (স্বতন্ত্র) পেয়েছেন ১ লাখ ৮ হাজার ২৬৫ ভোট। অপরদিকে, সৈয়দ এমরান সালেহ প্রিন্স (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ১ হাজার ৯২৬ ভোট।

ফলাফল ঘোষণার সময় হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলা চত্বরে ধানের শীষের বিপুলসংখ্যক কর্মী-সমর্থক জড়ো হলে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আমরা অত্যন্ত সজাগ ছিলাম। ফলাফল ঘোষণার সময় কিছু এলাকায় লোকসমাগম বাড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়।

এসকে/টিএ

মন্তব্য করুন