© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি কোনোদিন পোষ্য বিরোধী দল পাবে না: সারজিস আলম

শেয়ার করুন:
বিএনপি কোনোদিন পোষ্য বিরোধী দল পাবে না: সারজিস আলম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৭ পিএম | ২৭ আগস্ট, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশের রাজনীতিতে বিএনপি কোনোদিন পোষ্য বিরোধী দল পাবে না, ইনশাআল্লাহ।

​বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় নোয়াখালী জেলা শহরের মাইজদীতে জাতীয় নাগরিক পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের সাংগঠনিক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

​সারজিস আলম বলেন, আমরা শুধু আপনাদেরকে একটা জিনিস বলে যাই, এই যে প্রতারণার রাজনীতি আপনারা শুরু করেছেন- সংসদ থেকে রাজপথ- প্রত্যেকটা জায়গায় এই প্রতারণার ফল আপনাদেরকে ভোগ করতে হবে।

​তিনি আরও বলেন, এই বিএনপি বেগম খালেদা জিয়ার বিএনপি না, এই বিএনপি মেজর জিয়াউর রহমানের বিএনপি না। আর এই তারেক রহমান ২০২৪-এর আগের অনলাইনে জনগণের পক্ষে কথা বলা সেই তারেক রহমান নন। এই তারেক রহমান হচ্ছেন নতুন তারেক রহমান, যিনি তার জায়গা থেকে এখন শুধু চোখের সামনে ক্ষমতা দেখছেন। সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়ার পরও কীভাবে ক্ষমতাকে পুঞ্জীভূত করা যায়, সবকিছু নিজের নিয়ন্ত্রণে নেয়া যায় এবং বিরোধী দলকে পোষ্য বানানো যায়- সেই পাঁয়তারা তারা শুরু করেছে।

​কিন্তু বিএনপি যেন মনে রাখে, আওয়ামী লীগ হয়তো তাদের পোষ্য জাতীয় পার্টি পেয়েছিল, কিন্তু আগামীর বাংলাদেশের রাজনীতিতে বিএনপি কোনোদিন পোষ্য বিরোধী দল পাবে না, ইনশাআল্লাহ। বিএনপির প্রেসক্রিপশনে সংসদে বা রাজপথে এই বিরোধী দল এনসিপি কোনোদিন কথা বলবে না, ইনশাআল্লাহ, —যোগ করেন তিনি।

​দলের অভ্যন্তরীণ বিষয়ে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, "আমাদের যেন একবিন্দু পরিমাণ শক্তি নিজেদের মধ্যে খরচ না হয়, ক্ষয় না হয়। আমাদের লড়াইটা দীর্ঘ, লড়াইটা বড়। আমাদের এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার। আমরা কথা দিচ্ছি, আজকে হয়তো আপনি জেলা কমিটির একজন সদস্য হতে পারেন; কিন্তু যদি যোগ্যতার প্রমাণ দেন—৬ মাস পরে হোক, ১ বছর পরে হোক, ২ বছর পরে হোক—আপনার হাতেই নোয়াখালী এনসিপির নেতৃত্ব থাকবে, ইনশাআল্লাহ।"

​কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সদস্য ইমরান হোসাইন তুহিনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম) এস এম সুজা উদ্দিন, রাজনৈতিক পরিষদের সদস্য ও যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত এবং নোয়াখালী পৌরসভার এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী কাজী মাঈন উদ্দিন তানভীরসহ জেলা-উপজেলা ও সহযোগী সংগঠনের নেতারা।

এমআই/টিএ

মন্তব্য করুন