১১ দলীয় জোটের নেতৃবৃন্দের আসনে রেজাল্ট টেম্পারিংয়ের প্রমাণ পাচ্ছি: আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত
০৩:২৬ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
কিছু কিছু জায়গায় ফলাফল টেম্পারিং করার চেষ্টা করা হচ্ছে। কিছু আসনে যেখানে ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ প্রার্থী হয়েছেন, সেখানে ফলাফল টেম্পারিংয়ের সুস্পষ্ট প্রমাণ পাচ্ছি।
এমন অভিযোগ করেছেন, এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। মধ্যরাতে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
উদাহরণস্বরূপ ঢাকা-১৩ আসনের কথা উল্লেখ করেন আসিফ মাহমুদ। আসে ঢাকা-১৫তে নির্বাচন করা জামায়াত আমিরের কথাও। তিনি বলেন, একটা সময় পর্যন্ত ২০-২২ হাজারের ব্যবধান লক্ষ্য করা যাচ্ছিল। হঠাৎ প্রতিপক্ষ প্রার্থী ঘোষণা দিয়ে ফেললেন যে তিনি জয়লাভ করেছেন। ঢাকা-১৬ এবং ১৭ আসনেও অসামঞ্জস্যতার অভিযোগ করেন আসিফ মাহমুদ।
তিনি আরও দাবি করেন, এসব অভিযোগের সুস্পষ্ট ব্যাখ্যা না দিয়ে যেন আসনগুলোর ফলাফল ঘোষণা করা না হয়।
এনসিপি নেতা সারোয়ার তুষার হেরে যাওয়ার পর ফেসবুকে জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দকে দায়ী করে পোস্ট করেছেন। এক সাংবাদিক সে বিষয়টি উল্লেখ করে জানতে চান, বিভিন্ন জায়গায় এনসিপির প্রার্থীরা জোটের কাছে সহায়তা পাননি।
জবাবে আসিফ মাহমুদ বলেন, এটা আরও খতিয়ে দেখা হবে। পরে জোটের ফোরামে এ নিয়ে আলোচনা করবে এনসিপি।
ইউটি/টিএ