'ফলাফল টেম্পারিংয়ের' অভিযোগ, ঢাকা-৮ আসনে বাতিল ভোট পুনঃগণনার দাবি এনসিপির
ছবি: সংগৃহীত
০৩:৫০ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ঢাকা-৮ সংসদীয় আসনে বেসরকারিভানে বিএনপির মির্জা আব্বাসকে বিজয়ী ঘোষণা করা হলেও, আসনটিতে বাতিল হওয়া সকল ভোট পুনরায় গণনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি- এনসিপি।
বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসনটিতে ভোট গণনায় কারচুপির অভিযোগ এনে এ দাবি জানান এনসিপি'র নির্বাচন পরিচালনা কমিটির চেয়াম্যান ও দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সংবাদ সম্মেলনে ঢাকা-৮ আসনসহ আরও বেশ কয়েকটি আসনে ফলাফল টেম্পারিংয়ের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ আনেন তিনি।
রাজধানীর বাংলামটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি বলেন, মিডিয়ার মাধ্যমেও ফলাফলকে ম্যানুপুলেট করার চেষ্টা চলছে। কেন্দ্রের ফলাফলের সঙ্গে সেন্ট্রালের ফলাফল মিলছে না। এটা কাকতালীয় নয় বরং উদ্দেশ্যপ্রণোদিত।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ঢাকা-৮ আসনে বাতিল ভোটগুলোকে কাউন্ট করে মির্জা আব্বাসকে বিজয়ী করার একটা ষড়যন্ত্র হয়েছে। কিছু কিছু কেন্দ্রে চাপ প্রয়োগ করে ফলাফল পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে। এসময় ঢাকা-৮ আসনের একটি কেন্দ্রে ৭ বার ভোট গণনা করা হয়েছে বলেও জানান তিনি।
বেশ কয়েকটি আসনে ২০০ থেকে ৫০০ ভোটের ব্যবধানে ১১ দলীয় জোটের প্রার্থীরা হেরে গেছেন উল্লেখ করে তিনি বলেন, ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের আসনগুলোতে ভোট গননায় টেম্পারিংয়ের চেষ্টা করা হচ্ছে। উদাহরণস্বরপ তিনি জামায়াত আমির, এনসিপি আহবায়ক এবং খেলাফতে মজলিসের আমিরের আসনগুলোর কথা বলেন।
তবে এনসিপি মুখপাত্র এও জানান, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই ক্ষমতায় আসুক জাতীয় নাগরিক পার্টি তাঁদেরকে রাষ্ট্র পরিচালনায় সহায়তা করবে। তবে বিভ্রান্তিকর ফলাফলের মধ্য দিয়ে কেউ ক্ষমতায় আসুক আমরা তা চাই না। সেক্ষেত্রে একটা কনফিডেন্সের শূন্যতা থেকে যাবে।
টিজে/টিএ