পঞ্চগড়ের ২টি আসনেই বিএনপির বিজয়
ছবি: সংগৃহীত
০৪:২১ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
পঞ্চগড়ের দুটি সংসদীয় আসনে জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে গভীর রাত ২টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামান বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন। এর আগে দীর্ঘ সতের বছর ধরে পঞ্চবারের দুটি আসন আওয়ামী লীগের দখলে চলে যায়।
ঘোষিত ফলাফল অনুযায়ী, পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নওশাদ জমির ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট।
অন্যদিকে পঞ্চগড়-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদ ১ লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত সফিউল আলম পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট।
রিটার্নিং কর্মকর্তার দেয়া তথ্যমতে, পঞ্চগড়-১ আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ১৯ হাজার ৫৭৬ এবং ‘না’ ভোট পড়েছে ৯৯ হাজার ৫৯৪টি। বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ১৭০, বাতিল ভোট ৩৯ হাজার ৭১১ এবং মোট প্রদত্ত ভোট ৩ লাখ ৫৮ হাজার ৮৮১।
এদিকে পঞ্চগড়-২ আসনে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৬৩ হাজার ৮৭৫ এবং ‘না’ ভোট ১ লাখ ২৯ হাজার ৮৮। এ আসনে বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৯২ হাজার ৯৬৩, বাতিল ভোট ২৯ হাজার ৩৪৪ এবং মোট প্রদত্ত ভোট ৩ লাখ ২২ হাজার ৩০৭।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত দুই প্রার্থী পঞ্চগড়ের উন্নয়ন ও অগ্রগতিতে নতুনভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এ বিজয়কে ঘিরে উচ্ছ্বাস দেখা গেছে।
এমআর/টিএ