© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিরোজপুর-২ আসনে সাঈদীপুত্র শামীমকে হারিয়ে ধানের শীষের সুমনের জয়

শেয়ার করুন:
পিরোজপুর-২ আসনে সাঈদীপুত্র শামীমকে হারিয়ে ধানের শীষের সুমনের জয়

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৯ এএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
পিরোজপুর-২ (কাউখালি, ভান্ডারিয়া, নেছারাবাদ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী শামীম বিন সাঈদীকে ৯ হাজার ২৪০ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

ধানের শীষ প্রতীকের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন পেয়েছেন মোট ১ লাখ ৪ হাজার ৪১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম বিন সাঈদী পেয়েছেন ৯৫ হাজার ১৭৩ ভোট। এ আসনে ১৬৬টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৯ হাজার ২৮৮ জন।
 
কাউখালি উপজেলা সহকারী রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, ৩৩টি কেন্দ্রে মোট ৬৫ হাজার ৫৩৪ ভোটারের মধ্যে বিএনপি প্রার্থী পেয়েছেন ১৫ হাজার ৩ ভোট এবং জামায়াত প্রার্থী পেয়েছেন ১৮ হাজার ৯৯১ ভোট। এতে কাউখালি থেকে শামীম বিন সাঈদী ৩ হাজার ৯৮৮ ভোটে এগিয়ে ছিলেন।
 
ভান্ডারিয়া উপজেলা সহকারী রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, ৫৬টি কেন্দ্রে মোট ভোটার ১ লাখ ৪১ হাজার ৭৬৪ জন। এখানে আহম্মদ সোহেল মনজুর সুমন পেয়েছেন ১৯ হাজার ৯১০ ভোট, আর শামীম বিন সাঈদী পেয়েছেন ৩৯ হাজার ১৯ ভোট। ফলে এ উপজেলা থেকেও জামায়াত প্রার্থী ১৯ হাজার ১০৯ ভোটে এগিয়ে ছিলেন। দুই উপজেলার ধারাবাহিক ফলাফলে জামায়াত সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।
 
এ আসনের সবচেয়ে বেশি ভোটার অধ্যুষিত নেছারাবাদ উপজেলার ফলাফল পাল্টে দেয় পুরো নির্বাচনের চিত্র। প্রতিটি কেন্দ্র থেকে ধানের শীষের জয়জয়কারের খবরে ম্লান হয়ে যায় জামায়াত সমর্থকদের আনন্দ।
 
নেছারাবাদ উপজেলা সহকারী রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, ৭৭ কেন্দ্রে মোট ১ লাখ ৯৭ হাজার ৯৯৯ ভোটারের মধ্যে আহম্মদ সোহেল মনজুর সুমন পেয়েছেন ৬৯ হাজার ৫০০ ভোট, আর শামীম বিন সাঈদী পেয়েছেন ৩৭ হাজার ১৬৩ ভোট। এই উপজেলা থেকেই বিএনপি প্রার্থী ৩২ হাজার ৪৩৭ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে গিয়ে শেষ হাসি হাসে বিএনপি।

কেএন/টিকে

মন্তব্য করুন