© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্রাজিলের আমাজনে ৬ মাসে বন উজাড় কমেছে ৩৫ শতাংশ!

শেয়ার করুন:
ব্রাজিলের আমাজনে ৬ মাসে বন উজাড় কমেছে ৩৫ শতাংশ!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৯ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
ব্রাজিলের আমাজনে ছয় মাসে বন উজাড় কমেছে ৩৫ শতাংশ। নতুন স্যাটেলাইট পর্যবেক্ষণে এই তথ্য উঠে এসেছে।

সরকারি তথ্য মতে, ২০২৫ সালের আগস্ট মাস থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত ধ্বংস হয়েছে ১ হাজার ৩২৪ বর্গকিলোমিটার বনভূমি। যা আগের বছরের তুলনায় কম। ব্রাজিলের পরিবেশ মন্ত্রণালয় বলছে, এ ধারা অব্যাহত থাকলে এক সময় বন উজাড় শূন্যে নামতে পারে।

পৃথিবীর সবচেয়ে বড় জীববৈচিত্র্যের ভান্ডার আমাজন। তবে বন উজাড়, আগুন আর জলবায়ু পরিবর্তনের চাপে ক্রমশই বিপন্ন হয়ে উঠেছে বিশাল এই বনভূমি। শুষ্ক মাসগুলোতে অবৈধ কৃষি সম্প্রসারণের কারণে বাড়তে থাকে বন উজাড়ের প্রবণতা।

এবার বন উজাড়ের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমিয়ে এনেছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সরকার। সরকারি তথ্য বলছে, ২০২৫ সালের আগস্ট মাস থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত বন উজাড় কমেছে ৩৫.৪ শতাংশ। যা একই সময়ে গেল বছরের তুলনায় বেশি।

এই পর্যবেক্ষণ করা হয় ডিটার স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে। বার্ষিক বন উজাড়ের হিসাব নির্ধারণে ব্যবহৃত হয় প্রোডেস সিস্টেম। ডিটার মনিটরিং সিস্টেম চালুর পর থেকে এবারই বনভূমি ধ্বংসের হার সর্বনিম্ন। আগের বছর একই সময়ে উজাড় হয়েছিল ২ হাজার ৫০ বর্গকিলোমিটার বনভূমি।

প্রতিবছর আগস্ট থেকে জুলাই সময়কাল ধরে হিসাব করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন এ প্রচেষ্টা অব্যাহত থাকলে বার্ষিক হারে সর্বনিম্ন বন উজাড় অর্জন সম্ভব। যা বন রক্ষায় অন্যতম ইতিবাচক অগ্রগতি।

আমাজনের পাশাপাশি বন উজাড় কমেছে সাভানা অঞ্চলেও। তবে এ হার তুলনামূলকভাবে কম। বিশ্লেষকরা বলছেন বন রক্ষায় টেকসই নীতি ও কঠোর আইন প্রয়োগের সাথে বাড়াতে হবে আন্তর্জাতিক সহযোগিতা।

ডানপন্থি সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর আমলে দুর্বল পরিবেশ সুরক্ষা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির নামে ভূমি উন্মুক্ত করার ফলে আমাজন বন উজাড়ের হার বেড়ে যায়। তবে লুলার সরকার পরিবেশ সংরক্ষণে পুনরায় গুরুত্ব দিচ্ছে এবং জলবায়ু ইস্যুতে বিশ্বে নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাচ্ছেন।

সম্প্রতি তেল অনুসন্ধান প্রকল্পে অনুমোদন দিয়ে সমালোচনার মুখে পড়েন লুলা। যদিও তার দাবি, এই অর্থ জলবায়ু অভিযোজন ও পরিবেশ সংরক্ষণে ব্যবহার করা হবে। 

এমআর/এসএন 

মন্তব্য করুন