দ্বীপ হাতিয়ার মানুষ আনন্দের বদলে ভীত-সন্ত্রস্ত : হান্নান মাসউদ
ছবি: সংগৃহীত
১০:৪১ পিএম | ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
দ্বীপ হাতিয়ার মানুষ আনন্দের বদলে ভীত-সন্ত্রস্ত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ।
তিনি বলেন, নির্বাচনে বিজয়ের পর যেখানে দ্বীপ হাতিয়ার মানুষের আনন্দ-উল্লাস করার কথা ছিল, সেখানে তারা এখন ভীত-সন্ত্রস্ত হয়ে দিন কাটাচ্ছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
হান্নান মাসউদ অভিযোগ করে বলেন, নির্বাচনের পর কয়েকদিন ধরে পুরো হাতিয়াজুড়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মানুষের ঘরবাড়ি পোড়ানো, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং সাধারণ মানুষকে মারধরের মতো নানা অপকর্ম সংঘটিত হয়েছে। তার দাবি, হাতিয়ার ইতিহাসে কোনো নির্বাচনে এমন সহিংসতার নজির নেই।
তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের হাতিয়ায় এনে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তোলা হয়েছে। গত কয়েক দিনে প্রায় সাড়ে চারশ’ বাড়িঘরে হামলা হয়েছে এবং শতাধিক দোকানে লুটপাট ও ভাঙচুর চালানো হয়েছে। সকালে হাসপাতালে গিয়ে দেখি, জুলাই অভ্যুত্থানের মতো আহত মানুষ পড়ে আছে। আমরা হাতিয়ার মানুষ এ তাণ্ডব থেকে মুক্তি চাই।
সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, ভোটের দিন সকালে তার গাড়িতে হামলা চালানো হয়। এ সময় তার স্ত্রী, বাবা ও ভাইদের ওপরও একাধিকবার সশস্ত্র হামলার ঘটনা ঘটে। কয়েকজন সাংবাদিককেও পিটিয়ে আহত করা হয়েছে বলে দাবি করেন তিনি। এসব হামলার নেতৃত্ব ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান শামীম দিয়েছেন বলেও অভিযোগ করেন হান্নান মাসউদ।
তবে তিনি দাবি করেন, হাতিয়ার জনগণ ব্যালটের মাধ্যমে সন্ত্রাস ও সহিংসতার জবাব দিয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রমনা থানার আমির অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, উপজেলা আমির মাস্টার বোরহান উদ্দিন, জামায়াতের পৌর মেয়র প্রার্থী সাব্বির আহমেদ তাফসির, উপজেলা যুব শক্তির আহ্বায়ক ইউসুফ রেজা, ব্যবসায়ী আবদুল কাদেরসহ হামলায় আহত এনসিপির প্রায় ১০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এমআর/টিএ