প্রেমে প্রতারিত শানায়া, প্রাক্তন প্রেমিকের ফোনে কী দেখেছিলেন?
ছবি: সংগৃহীত
০৯:৪৮ এএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ভালোবাসার আবহে যখন চারদিক রঙিন, তখনই হৃদয়ের গোপন এক কষ্টের গল্প সামনে আনলেন তরুণ অভিনেত্রী শানায়া কাপুর। আলো ঝলমলে দুনিয়ায় বসবাস করলেও ব্যক্তিগত জীবনের আঘাত যে তারকাদেরও সমানভাবে বিদ্ধ করে, সেই সত্যই যেন আবারও স্পষ্ট হলো তাঁর কথায়। প্রেম ভাঙার বেদনা সাধারণ মানুষের মতোই তারকাদের জীবনেও সমান তীব্র এই স্বীকারোক্তিই দিলেন তিনি ভালোবাসার সপ্তাহে।
সম্পর্কের সময়টাকে তিনি ভেবেছিলেন নিখাদ বিশ্বাস আর নির্ভরতার জায়গা। কিন্তু সেই বিশ্বাসেই নাকি আঘাত আসে অপ্রত্যাশিতভাবে। এক বিদেশ সফরে প্রেমিকের সঙ্গে কাটানো মুহূর্তের মাঝেই আচমকা সত্যের মুখোমুখি হন অভিনেত্রী। রাতের খাবারের আগে গাড়ি ভাড়া করার জন্য প্রেমিকের ফোন হাতে নিয়েছিলেন তিনি। আর সেই মুহূর্তেই চোখে পড়ে এমন কিছু বার্তা, যা তাঁর ভিত কাঁপিয়ে দেয়। ফোনের পর্দায় ভেসে ওঠা কথোপকথন যেন এক নিমিষে বদলে দেয় সব অনুভূতির রং।

শুধু একজন নয়, একাধিক নারীর সঙ্গে একসঙ্গে যোগাযোগ রাখছিলেন তাঁর প্রেমিক এই তথ্যই তাঁকে সবচেয়ে বেশি আঘাত করে। প্রত্যেককে নিজেকে অবিবাহিত বলে পরিচয় দেওয়ার বিষয়টি অভিনেত্রীর কাছে ছিল বিশ্বাসঘাতকতার চূড়ান্ত রূপ। দূরদেশে একা দাঁড়িয়ে হঠাৎ এই বাস্তবতার মুখোমুখি হয়ে নিজেকে সামলানোই হয়ে ওঠে সবচেয়ে বড় লড়াই। সেই সময়ের অসহায়তা, হতভম্বতা আর মানসিক টানাপোড়েন আজও তাঁকে নাড়িয়ে দেয় বলে জানিয়েছেন তিনি।
এই ঘটনার পর বন্ধুর সঙ্গে কথোপকথনেই কিছুটা শক্তি পান অভিনেত্রী। চ্যাটের ছবিগুলো পাঠিয়ে নিজের অবস্থার কথা জানালে ঘনিষ্ঠ বন্ধু তাঁকে পাশে থাকার আশ্বাস দেন। সেই সাহসই হয়তো তাঁকে ভেঙে পড়া থেকে রক্ষা করে। তবে সেই অভিজ্ঞতা আজও তাঁর মনে এক তীব্র দাগ কেটে আছে ভালোবাসার নামেই যে কখনও কখনও সবচেয়ে বড় আঘাত লুকিয়ে থাকে, সেই উপলব্ধিই যেন তিনি ভাগ করে নিলেন সবার সঙ্গে।
পিআর/টিকে