© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হতে পারেন সন্দীপ চক্রবর্তী

শেয়ার করুন:
বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হতে পারেন সন্দীপ চক্রবর্তী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৩ পিএম | ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

জ্যেষ্ঠ ভারতীয় কূটনীতিক সন্দীপ চক্রবর্তী, যিনি বর্তমানে ইন্দোনেশিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন, তাকে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দিল্লি ও ঢাকার দ্বিপাক্ষিক সম্পর্কে সাম্প্রতিক টানাপোড়েনের পর সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।


১৯৯৬ সালে ভারতীয় পররাষ্ট্রসেবায় (আইএফএস) যোগ দেওয়া চক্রবর্তী ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত ঢাকায় ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছর থেকেই তাকে ঢাকায় গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে আনার বিষয়ে বিবেচনা করা হচ্ছিল। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি জাকার্তায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বাণিজ্য থেকে প্রতিরক্ষা পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে ইন্দোনেশিয়ার সঙ্গে সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

বর্তমানে বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা আরও কিছুদিন দায়িত্বে থাকতে পারেন। কারণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন নতুন সরকার গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়ী হওয়ার পর প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

এই সময়ের মধ্যে নতুন হাইকমিশনার নিয়োগসংক্রান্ত প্রক্রিয়া চূড়ান্ত অনুমোদন ও আনুষ্ঠানিক সমঝোতা সম্পন্ন করা হবে। ২০২২ সালের অক্টোবর থেকে বাংলাদেশে দায়িত্ব পালন করা প্রণয় ভার্মা কূটনৈতিক অঙ্গনে ‘ব্যাক-চ্যানেল’ যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর উদ্ভূত কূটনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে তিনি দুই দেশের মধ্যে যোগাযোগ বজায় রাখতে সক্রিয় ছিলেন।

গত ১৮ মাসে ভার্মা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে নীরব কিন্তু বিস্তৃত কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন। চলতি বছরের শেষ পর্যন্ত ঢাকায় দায়িত্বে থাকতে পারেন বর্তমান ডেপুটি হাইকমিশনার পবনকুমার বাধে।

সন্দীপ চক্রবর্তী এর আগে পেরু ও বলিভিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি নিউইয়র্কে কনসাল জেনারেল এবং স্পেন ও কলম্বিয়ায় ভারতের মিশনে দায়িত্ব পালন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরে তিনি পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন–সংক্রান্ত বিভাগের যুগ্মসচিব হিসেবেও কাজ করেছেন।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের ইতিহাস কিছুটা জটিল হওয়ায় ঢাকায় নতুন হাইকমিশনারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। দুই দেশের সম্পর্ক পুনরুজ্জীবিত ও শক্তিশালী করতে তাকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

এসকে/টিএ

মন্তব্য করুন