© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খুলনায় আ.লীগ কার্যালয়ে বিকেলে ‘জয় বাংলা’ স্লোগান, প্রতিবাদে রাতে আগুন

শেয়ার করুন:
খুলনায় আ.লীগ কার্যালয়ে বিকেলে ‘জয় বাংলা’ স্লোগান, প্রতিবাদে রাতে আগুন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৯ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রবেশ করে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিতে মাল্যদান করেছেন নেতাকর্মীরা। এ সময় কার্যালয়ে তারা জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে ‘জয় বাংলা’ স্লোগান দেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর শঙ্খ মার্কেট এলাকায় অবস্থিত কার্যালয়ের এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এদিকে, আওয়ামী লীগ নেতা–কর্মীদের তৎপরতার প্রতিবাদে রোববার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাদের নেতৃত্বে খুলনা ওই কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া কার্যালয় ভাঙচুর এবং কাঠের দরজা ও কাগজপত্রে আগুন জ্বালিয়ে দেন তারা। আগুন নিভে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিসের সদস্যরা আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক নেতাকর্মীরা বলেন, দলীয় নির্দেশনা নয়, তৃণমূলের কর্মীদের উদ্যোগেই রোববার চারটার দিকে কার্যালয়ে গিয়েছি। আমরা কোনো আলাদা আয়োজন করে দলীয় কার্যালয়ে যাইনি। দেখলাম আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে এটা হয়েছে, তাই খুলনাতেও আমরা গেছি। কার্যালয় তালাবদ্ধ ছিল, সেটা ভেঙে ওপরে উঠে জাতীয় পতাকা টাঙিয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিতে মালা দিয়েছি। ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে নিচে নেমে কার্যালয়ে নতুন একটা তালা লাগিয়ে চলে আসি, যাতে পরে আমরা ঢুকতে পারি। কেউ বাধা দেয়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রোববার বিকেলে ১০-১৫ মিছিল নিয়ে দলীয় কার্যালয়ে প্রবেশ করে। এরপর তারা শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে তড়িঘড়ি করে অফিস ত্যাগ করেন। এ ঘটনার প্রতিবাদে কয়েকজন ছাত্র ওই কার্যালয়ে উঠে ছবিতে অগ্নিসংযোগ করে।  

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়টি বিকেলের দিকে কয়েকজন ব্যক্তি খুলেছিল। এটি আমরা জানতে পেরে আশাপাশে বিভিন্ন স্থাপনার সিসি ফুটেজ সংগ্রহ করে যাচাই-বাছাই করছি। তাদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। বিকেলে ঘটনার পর রাতে কয়েকজন বিক্ষুব্ধ ছাত্ররা এসে আগ্নিসংযোগ করে। টানানো দুটি ছবি ভেঙ্গে ফেলে। পরবর্তীতে তারা আগুন নিভিয়ে ফেলে। বিষয়টি আমরা গভীরভাবে দেখছি। 

এমআই/টিকে

মন্তব্য করুন