© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতের অভ্যন্তরে ১ বাংলাদেশি যুবক আটক

শেয়ার করুন:
ভারতের অভ্যন্তরে ১ বাংলাদেশি যুবক আটক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৫ এএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে গরু চোরাচালানের চেষ্টা করতে গিয়ে ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশি যুবক আটক হয়েছেন। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে দুটি গরুসহ আটক করে স্থানীয় থানায় হস্তান্তর করেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার খান্দুয়া এলাকায় ভারতের প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে। আটক ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তারাপুর হঠাৎপাড়া গ্রামের বাসিন্দা আমছুর আলীর ছেলে মো. মাইনুল ইসলাম (২৫)। আটকের পর তাকে লালগোলা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একটি চোরাচালান চক্র গরু নিয়ে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিল। এ সময় বিএসএফ সদস্যরা ধাওয়া দিলে অন্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও মাইনুল ইসলাম দুটি গরুসহ আটক হন।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ফরিদপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আর্ন্তজাতিক সীমান্ত পিলার ৩৪/৭ আরএস সংলগ্ন ভারতের ভেতরে বিএসএফের ৭১ ব্যাটালিয়নের টহল দল তাকে আটক করে।

তিনি আরও জানান, সীমান্তে মাদক, অস্ত্র ও অবৈধ পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবির নজরদারি জোরদার রয়েছে।

এসকে/টিএ

মন্তব্য করুন