© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপের আহ্বান জানাল যুক্তরাজ্য

শেয়ার করুন:
রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপের আহ্বান জানাল যুক্তরাজ্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫২ এএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। দেশটির বিরোধী নেতা আলেক্সি নাভালনিকে ‘ব্যাঙের বিষ’ প্রয়োগ করে হত্যার অভিযোগ ওঠার পর এ আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার। তিনি বলেন, এটি আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র আইনের স্পষ্ট লঙ্ঘন এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দুই বছর আগে সাইবেরিয়ার একটি কারাগারে কারাবন্দি অবস্থায় নাভালনি হঠাৎ মারা যান। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ছিলেন। মস্কো দাবি করে আসছে, তিনি স্বাভাবিক কারণে মারা গেছেন। তবে নাভালনির স্ত্রী জুলিয়া নাভালনি বরাবরই অভিযোগ করে আসছেন, তাকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের পাঁচটি ল্যাবরেটরিতে পরীক্ষায় দেখা গেছে, তার শরীরে যে বিষক্রিয়া হয়েছিল তা ইকুয়েডরের ডার্ট ফ্রগের বিষ থেকে তৈরি এক ধরনের টক্সিন। কুপার বিবিসিকে বলেন, এ ধরনের বিষ ব্যবহারের ‘সক্ষমতা, উদ্দেশ্য ও সুযোগ’ কেবল রুশ সরকারেরই ছিল।

তিনি বর্তমানে জার্মানির মিসউনিখে অনুষ্ঠিত মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ইউরোপীয় মিত্রদের রাশিয়ার হুমকির মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান। কুপার জানান, একদল ইউরোপীয় মন্ত্রী বিষয়টি ওপিসিডব্লিউর কাছে উত্থাপন করেছেন। এটি রাসায়নিক অস্ত্র সংক্রান্ত আন্তর্জাতিক নিয়ম ও কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা জবাবদিহি নিশ্চিত করতে চাই।

তিনি বলেন, যুক্তরাজ্য রাশিয়ার বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপের বিষয়টি বিবেচনা করছে। ইউক্রেন আক্রমণের প্রেক্ষাপটেও রাশিয়ার ওপর চাপ অব্যাহত রাখার কথা জানান তিনি।

অন্যদিকে রাশিয়ার লন্ডন দূতাবাস এ অভিযোগ অস্বীকার করে একে ‘পশ্চিমা কল্পকাহিনি’ বলে উড়িয়ে দিয়েছে। তারা দাবি করেছে, এসব তথাকথিত প্রমাণের কোনো ভিত্তি নেই।

এদিকে যুক্তরাজ্যের বিরোধী কনজারভেটিভ পার্টির ছায়া পররাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল সরকারকে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বর্তমান নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়া হচ্ছে এবং রাশিয়ার অর্থনৈতিক লাইফলাইনগুলো লক্ষ্য করে সরাসরি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এমআর/এসএন 

মন্তব্য করুন