আগামীকাল থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু, মিলবে ছোলা ও খেজুর
ছবি: সংগৃহীত
০৪:৫০ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
পবিত্র রমজান মাসকে সামনে রেখে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে ট্রাক সেলের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। বাজার স্থিতিশীল রাখা ও নিম্নআয়ের মানুষের সহায়তায় এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
টিসিবির ট্রাক থেকে বাজারদরের চেয়ে কম মূল্যে পাঁচটি পণ্য বিক্রি করা হবে- ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুর। রমজানে এসব পণ্যের চাহিদা সবচেয়ে বেশি থাকায় সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
টিসিবি সূত্রে জানা গেছে, সারা দেশে চার শতাধিক ট্রাক মোতায়েন থাকবে। প্রতিটি ট্রাকে দৈনিক ৪০০ জন ভোক্তার জন্য পণ্য বরাদ্দ রাখা হয়েছে। শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতে এ বিক্রয় কার্যক্রম চলবে।
নিয়মিত পণ্যের সঙ্গে এবার অতিরিক্তভাবে ছোলা ও খেজুর সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ফ্যামিলি কার্ডের মাধ্যমেও নির্ধারিত উপকারভোগীদের কাছে পণ্য বিক্রি অব্যাহত থাকবে।
টিসিবি জানিয়েছে, বিক্রয় কার্যক্রম শুরুর জন্য সব প্রস্তুতি শেষ। নির্ধারিত ডিলারদের প্রয়োজনীয় অর্থ জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি জেলা, সিটি করপোরেশন ও বিভাগীয় শহরে একযোগে এ কার্যক্রম পরিচালিত হবে।
টিসিবির মুখপাত্র শাহাদত হোসেন গণমাধ্যমকে বলেন, রমজান উপলক্ষে বাজারে সরবরাহ স্বাভাবিক ও মূল্য সহনীয় রাখতে ট্রাক সেল পরিচালনা করা হচ্ছে। নির্ধারিত তারিখ থেকে দেশব্যাপী এ কর্মসূচি চালু হবে।
এসএস/টিএ