এখন ভালোবাসা মানেই আমার স্ত্রী: জোভান
ছবি: সংগৃহীত
০৮:৫৮ পিএম | ১৬ ফেব্রুয়ারি, ২০২৬
ছোট পর্দার এই সময়ের ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। প্রায় এক যুগের বেশি সময় ধরে অভিনয় করছেন দাপটের সঙ্গে। অসংখ্য নাটক ও বিশেষ দিবসের কাজের মাধ্যমে দর্শকের ভালোবাসা কুড়িয়ে নিয়েছেন দুই হাত ভরে। ক্যারিয়ারের এই ব্যস্ততম সময়েও ব্যক্তিজীবনের পরিবর্তন, ভালোবাসার সংজ্ঞা এবং দাম্পত্য জীবনের অনুভূতি নিয়ে সম্প্রতি কথা বলেছেন তিনি।


ভালোবাসা দিবসের দিনটিও কেটেছে শুটিং সেটেই। তবে কাজের চাপের মাঝেও ব্যক্তিগত অনুভূতি নিয়ে ভাবার সময় বের করেছেন অভিনেতা। তার ভাষায়, সময়ের সঙ্গে ভালোবাসার অর্থ বদলে গেছে।

একসময় ভালোবাসাকে তিনি দেখতেন ভিন্নভাবে। কিন্তু বিয়ের পর সেই অনুভূতি আরও গভীর ও ব্যক্তিগত হয়ে উঠেছে। এখন তার কাছে ভালোবাসা মানেই তার স্ত্রী। পরিবার সবসময়ই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে ছিল। সেই পরিবারে নতুন সদস্য যুক্ত হওয়ার পর জীবন আরও গোছানো, আরও পরিপূর্ণ মনে হচ্ছে তার কাছে।
বর্তমান প্রজন্মের সম্পর্কের ধরন নিয়েও কথা বলেন জোভান। এখন সম্পর্কের আলোচনায় নতুন কিছু শব্দ প্রায়ই শোনা যায়। তবে এসব বিষয়ে খুব বেশি বিশ্লেষণ করতে চান না তিনি। নিজেকে মিলেনিয়াল প্রজন্মের মানুষ উল্লেখ করে জানান, নতুন প্রজন্মের ব্যবহৃত এসব ধারণা তার কাছে খুব পরিচিত নয়। সম্পর্ককে তিনি দেখেন সরল, বাস্তব এবং দায়িত্ববোধের জায়গা থেকে।

ভালোবাসা দিবসে শুটিংয়ে ব্যস্ত থাকা প্রসঙ্গে তার দৃষ্টিভঙ্গি বাস্তবসম্মত। একজন শিল্পীর জীবনে কাজের গুরুত্ব অনেক। তাই ব্যক্তিজীবন ও পেশাজীবনের মধ্যে ভারসাম্য রাখাটাকেই তিনি সবচেয়ে জরুরি মনে করেন।
এই জায়গায় স্ত্রীর বোঝাপড়াকে সবচেয়ে বড় শক্তি হিসেবে দেখেন তিনি। ব্যস্ততা নিয়ে কোনো অভিমান নয়, বরং সমর্থনই পান সবসময়। ভালোবাসা দিবসের দিন শুটিং কিছুটা আগেই শেষ করে রাতে স্ত্রীকে নিয়ে বাইরে সময় কাটান তিনি। দুজনের সেই সময়টুকু তার কাছে বিশেষ হয়ে থাকে।
প্রিয় মানুষের সঙ্গে কাটানো মুহূর্ত নিয়ে আলাদা করে তালিকা করতে চান না জোভান। তার মতে, প্রতিদিনই ছোট ছোট স্মৃতি তৈরি হয়, যা দুজনের ব্যক্তিগত পরিসরেই সবচেয়ে সুন্দর থাকে।
জীবনসঙ্গীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন অভিনেতা। এমন একজন মানুষকে পাশে পাওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি। কাজের ব্যস্ততার মাঝেও মানসিক শান্তি পান স্ত্রীর সমর্থন থেকেই।
ভালোবাসার মানুষটির উদ্দেশে সংক্ষিপ্ত বার্তায় তিনি বলেন, এমন একজন সঙ্গী পেয়েছেন যিনি সবসময় পাশে থাকেন, শক্তি জোগান। আর সেই কারণেই কাজের চাপের মধ্যেও স্বস্তি খুঁজে পান। তার ভাষায়, প্রিয় মানুষটির প্রতি তার ভালোবাসা গভীর এবং আন্তরিক।
এসএন