আর কিছু মুহূর্ত পর প্রধানমন্ত্রী তারেক রহমান!
ছবি: সংগৃহীত
০৯:০৭ এএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
আর মাত্র কয়েক ঘণ্টা পর প্রধানমন্ত্রী হিসেবে অভিষেক হবে তারেক রহমানের। গতরাতেই শেষবারের মতো দল প্রধান হিসাবে দলীয় কার্যালয় ছেড়ে গেছেন। তার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয় প্রস্তুত! মন্ত্রণালয়ে অফিস কক্ষ এরই মধ্যে প্রস্তুত করে রাখা হয়েছে। তবে প্রধানমন্ত্রীর বাসা কোনটা হবে সেটি নিজেই ঠিক করবেন তারেক রহমান। দেশের ১৭তম প্রধানমন্ত্রী তিনি। মাত্র ৩৭ জন মন্ত্রী নিয়ে দেশ পরিচালনায় নামছেন তিনি।
দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশ একজন পুরুষ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে। এর আগে ১৯৯১ সাল থেকে দেশে পর্যায়ক্রমে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার শাসনামল ছিল।
দেশের ইতিহাসে প্রথমবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হতে যাচ্ছে নতুন সরকারের শপথ। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হচ্ছেন ১ হাজারের বেশি দেশি-বিদেশি অতিথি। মেগা ইভেন্ট সামনে রেখে দক্ষিণ প্লাজায় চলছে কর্মযজ্ঞ।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র ও বিএনপি বলছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়টি নিজেই দেখছেন। নতুন মন্ত্রিসভায় ২০০১ সালের সরকারের সাবেক মন্ত্রী, দলের স্থায়ী কমিটির সদস্য এবং নতুন মুখ সবাইকে বিবেচনায় নেওয়া হচ্ছে। তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ অন্তত পাঁচটি মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে পারেন।
মন্ত্রি কারা হচ্ছেন সেই তালিকা তারেক রহমান একান্তভাবে রেখেছেন। নতুন মন্ত্রীদের নাম এখনো জানা যায়নি।
বিভিন্ন মহলে আলোচনায় রয়েছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা নজরুল ইসলাম খান পরবর্তী রাষ্ট্রপতি হতে পারেন। তবে সে প্রক্রিয়ায় কিছুটা সময় লাগতে পারে। দলের শীর্ষ নেতৃত্ব দক্ষ, যোগ্য ও শিক্ষিত ব্যক্তিদের অগ্রাধিকার দিচ্ছে। গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে পররাষ্ট্র, অর্থ, আইন ও তথ্য মন্ত্রণালয়কে বিএনপি বিশেষ গুরুত্ব দিচ্ছে। নতুন মন্ত্রিসভায় নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
এবারের মন্ত্রিসভায় অভিজ্ঞ প্রবীণ নেতাদের পাশাপাশি মেধাবী তরুণদের প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতা। এর মধ্যে তুলনামূলক কম বিতর্কিত ও অতীতে সফলভাবে মন্ত্রণালয় চালিয়েছেন এমন অভিজ্ঞ নেতারা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। অন্যদিকে অভিজ্ঞতা নেই, কিন্তু মেধাবী এ রকম তরুণ নেতারা পাচ্ছেন প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর দায়িত্ব।
তারা বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বাবা দলের প্রতিষ্ঠাতা, শহীদ জিয়াউর রহমান রাষ্ট্রপতি ছিলেন। তার মা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন। এবার তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আশা করা যাচ্ছে, সরকার পরিচালনায় বাবা-মায়ের মতো তিনিও সফল হবেন। দেশকে এগিয়ে নিয়ে যাবেন।
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাসা প্রস্তুত আছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান।
টিকে/