অপারেশনের ধকল কাটতে না কাটতেই ফের অসুস্থ কিরণ রাও
ছবি: সংগৃহীত
০৭:৪৭ পিএম | ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউড পরিচালক কিরণ রাও–এর সময়টা যেন ভালো যাচ্ছে না। গত বছর থেকেই দফায় দফায় অসুস্থ হয়ে হাসপাতালে ছুটতে হচ্ছে তাকে। বছরের শেষ দিকে অ্যাপেন্ডিক্স অপারেশন এবং পরবর্তী অ্যালার্জিজনিত জটিলতার ধকল কাটতে না কাটতেই এবার নতুন করে অসুস্থ হয়ে শয্যাশায়ী হলেন এই নির্মাতা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি ছবি প্রকাশ করে অসুস্থতার খবর ভক্তদের নিজেই জানিয়েছেন কিরণ। ছবিতে দেখা যায়, ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে আছেন তিনি। পায়ের কাছে একগুচ্ছ বই রাখা থাকলেও শারীরিক দুর্বলতার কারণে সেগুলো পড়ার মতো শক্তিও পাচ্ছেন না। এই কঠিন সময়ে তার একমাত্র সঙ্গী হয়ে পাশে রয়েছে প্রিয় পোষ্য বিড়াল।

নিজের বর্তমান শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে কিরণ বলেন, চিকুনগুনিয়ার ধকল সামলাতে হিমশিম খাচ্ছেন তিনি। তবে দ্রুত সুস্থ হয়ে আবার বইয়ের পাতায় ফিরে যাওয়ার আশাবাদও ব্যক্ত করেছেন এই নির্মাতা।
উল্লেখ্য, কিরণের একমাত্র ছেলে আজাদ রাও খান বর্তমানে মুসৌরির একটি আবাসিক বিদ্যালয়ে পড়াশোনা করছে। ফলে অসুস্থতার এই সময়ে বাড়িতে একাই থাকতে হচ্ছে তাকে। গত বছর তিনি হাসপাতালে ভর্তি থাকাকালে তার পরিচয়পত্রে প্রাক্তন স্বামী আমির খান–এর নাম ও পদবি ব্যবহার করা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। যদিও সেই বিতর্ক অনেক আগেই থেমে গেছে।
আমির খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হলেও তাদের পারস্পরিক সম্পর্ক এখনও বন্ধুত্বপূর্ণ। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান কিংবা উৎসবে তাদের একসঙ্গেই দেখা যায়। এমনকি আমিরের বাড়ির খুব কাছেই বসবাস করেন কিরণ। তবে বর্তমান অসুস্থতার সময়ে প্রাক্তন স্ত্রীর খোঁজখবর নিতে আমির কতটা পাশে আছেন কি না, সে বিষয়ে কিরণ এখনো বিস্তারিত কিছু জানাননি।
এসএন