ব্রাহ্মণবাড়িয়ায় পলাতক আসামি যুবলীগ সভাপতি গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০১:১৩ এএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল ইসলাম আলমকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রাতে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, বিগত ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে সাইফুল ইসলাম আলম আত্মগোপনে চলে যান। কিন্তু তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় দীর্ঘদিন ধরে পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছিল।
অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তাকে মঙ্গলবার রাত ৮টার দিকে জেলা পুলিশের সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে গ্রেপ্তার করা হয়। এদিকে বিএনপি সরকার ক্ষমতায় বসার প্রথমদিনই যুবলীগের সভাপতিকে গ্রেপ্তারের খবর এলাকায় প্রচার হলে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ফের গ্রেপ্তার আতঙ্ক দেখা দেয়।
তবে নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম রাতে দেশের একটি গণমাধ্যমকে বলেন, যুবলীগ নেতা আলম একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। অবশেষে মঙ্গলবার রাতে জেলা পুলিশের সহযোগিতায় তাকে আমরা গ্রেপ্তার করি।
এদিকে ফেসবুকে তাকে নাটঘর ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উল্লেখ করে তার গ্রেপ্তারের সচিত্র সংবাদটি রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এনিয়ে নানা আলোচনা শুরু হয়।
এ বিষয়ে নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নোয়াফ সভাপতি সফিকুল ইসলাম শফিক বলেন, গ্রেপ্তার হওয়া আলম আওয়ামী লীগের কোনো পদে নেই।
মূলত তিনি নাটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি মিথ্যে তথ্য দিয়ে সংবাদ না প্রকাশের অনুরোধ করেন।
এসএস/টিএ