ভিনিসিয়ুসের চমৎকার গোলে বেনফিকার মাঠে জয় পেল রিয়াল মাদ্রিদ
ছবি: সংগৃহীত
০৪:৩৪ এএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
অনেক প্রচেষ্টা ভেস্তে যাওয়ার পর, দুর্দান্ত এক গোলে দলকে পথ দেখালেন ভিনিসিউস জুনিয়র। এরপরই অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় থমকে গেল লড়াই। মাঠের পাশাপাশি সাইডলাইনেও ছড়াল উত্তাপ, তা চলল শেষ মিনিট পর্যন্ত। তবে মনোযোগ ধরে রেখে, বেনফিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ওঠার পথে একটু এগিয়ে গেল মাদ্রিদের দলটি।
প্রতিপক্ষের মাঠে মঙ্গলবার প্লে-অফের প্রথম লেগে ১-০ গোলে জিতেছে আলভারো আরবেলোয়ার দল। গত মাসের শেষদিকে এই মাঠেই ৪-২ গোলে হেরে সরাসরি নকআউট পর্বে খেলার আশা শেষ হয়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদের। সেই পরাজয়ের ক্ষতে এবার কিছুটা হলেও প্রলেপ দিতে পারল তারা। আক্রমণ-পাল্টা আক্রমণ আর উত্তপ্ত বাক্য বিনিময়ের লড়াইয়ে মেজাজ হারিয়ে শেষ দিকে বহিষ্কার হন বেনফিকা কোচ জোসে মরিনিয়ো।
পজেশন ও আক্রমণে আধিপত্য করা রেয়ালের প্রথম দুটি শট লক্ষ্যে থাকলেও, দুটিই ছিল গোলরক্ষক বরাবর। প্রতিপক্ষের ছোট ভুলে ১৯তম মিনিটে সেরা সুযোগটি পান ভিনিসিউস; কিন্তু দারুণ পজিশন থেকে তার শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।
সময়ের সঙ্গে খেলার গতি বাড়ে, দুই পাশেই চলতে থাকে আক্রমণ। ২৪তম মিনিটে থিবো কোর্তোয়ার নৈপুণ্যে বেঁচে যায় রেয়াল; ফ্রেডরিকের শটে বল একজনের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়াতে যাচ্ছিল, ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন বেলজিয়ান গোলরক্ষক। বিরতির আগের ১০ মিনিটে আক্রমণের ঝড় বইয়ে দেয় রিয়াল মাদ্রিদ।

৪০তম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ পান কিলিয়ান এমবাপে। কিন্তু ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের ছয় গজ বক্সের বাইরে বাড়ানো বল স্পর্শ করতেই পারেননি ফরাসি ফরোয়ার্ড। বিরতির আগে দুই মিনিটে আরও দুটি দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩ গোল করা এই তারকা; প্রথমবার উড়িয়ে মারার পর, গোলরক্ষক সোজা দুর্বল শট নেন এমবাপে।
যোগ করা সময়ের প্রথম মিনিটে জোরাল শট নেন আর্দা গিলের, ঝাঁপিয়ে সেটা রুখে দেন আনাতোলি ত্রুবিন। বিরতির পর পঞ্চম মিনিটে অবশেষে ভিনিসিউসের দারুণ নৈপুণ্যে এগিয়ে যায় রেয়াল। এমবাপের পাস ধরে বাঁদিক দিয়ে ডি-বক্সে ঢুকে জোরাল শট নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, বল ক্রসবার ঘেঁষে দূরের পোস্ট দিয়ে জালে জড়ায়।
৩১ গোল নিয়ে ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে এখন দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ভিনিসিউস, তিনি ছাড়িয়ে গেলেন কাকাকে (৩০)। ৪৩ গোল করে তালিকার শীর্ষে বার্সেলোনা ও পিএসজির সাবেক ফরোয়ার্ড নেইমার।
আপত্তিকরভাবে গোল উদযাপন করে হলুদ কার্ড দেখেন ভিনিসিউস, যা নিয়ে ক্ষোভ ঝারেন তিনি। তবে ঘটনার সেখানে মাত্র শুরু। পুনরায় খেলা শুরুর আগমুহূর্তে, রেফারির কাছে ছুটে গিয়ে বেনফিকার জানলুকা প্রেসতিয়ান্নির বিরুদ্ধে কিছু একটা নিয়ে অভিযোগ করেন ভিনিসিউস এবং সঙ্গে সঙ্গে ইশারায় ‘টাইম আউট’ দেন রেফারি। সাইডলাইনে ক্রমেই উত্তপ্ত হতে থাকে পরিস্থিতি, বেনফিকা কোচ জোসে মরিনিয়োকে দেখা যায় রেয়ালের ডাগআউটে গিয়ে ভিনিসিউস-এমবাপেদের সঙ্গে কথা বলতে।
প্রায় ১০ মিনিটের মতো বন্ধ থাকার পর, পুনরায় খেলা শুরু হয়। ৭৯তম মিনিটে ডি-বক্সে একজনকে কাটিয়ে শট নেন ভিনিসিউস, তবে ঝাঁপিয়ে সেটা আটকে দেন ত্রুবিন। ছয় মিনিট পর রেয়ালের ডি-বক্সের বাইরে ভিনিসিউস প্রতিপক্ষের রিওসকে ফাউল করলে ফ্রি কিক পায় বেনফিকা। কিন্তু কার্ড দেওয়ার দাবিতে সাইডলাইনে ম্যাচ অফিসিয়ালকে উদ্দেশ করে ক্ষোভ প্রকাশ করেন মরিনিয়ো, এতে মুহুর্তের ব্যবধানে জোড়া হলুদ কার্ড দেখেন তিনি।
সমতা টানতে যতটা ধারাল হওয়ার প্রয়োজন ছিল, শেষ দিকে বেনফিকা তা হতে পারেনি। ১২ মিনিট যোগ করা সময় পেয়েও কোর্তোয়াকে তেমন কোনো পরীক্ষায় ফেলতে পারেনি দলটি।
ফিরতি লেগ মাঠে গড়াবে সান্তিয়াগো বের্নাবেউয়ে, আগামী বুধবার।
এসএস/টিএ