কেন আলোচনায় উঠে এসেছে রাজামৌলির বারাণসী?
ছবি: সংগৃহীত
০৫:০৭ এএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
ভারতীয় সিনেমায় নজিরবিহীন বাজেটের আলোচনায় উঠে এসেছে বারাণসী। ইন্ডাস্ট্রি সূত্রের গুঞ্জন, পরিচালক এস এস রাজামৌলি ও অভিনেতা মহেশ বাবু-র এই বহুল প্রতীক্ষিত ছবিতে মাত্র ২৫ মিনিটের ‘ত্রেতা যুগ’ অংশ নির্মাণেই নাকি ব্যয় ধরা হয়েছে ২৫০ থেকে ৩০০ কোটি টাকা। যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা নেই, তবু এই অঙ্কই আলোচনা ছড়িয়েছে সর্বত্র।
ত্রেতা যুগ, অর্থাৎ রামায়ণ-ঘনিষ্ঠ এক পৌরাণিক সময়কে জীবন্ত করে তুলতে প্রয়োজন বিশাল প্রাসাদ, প্রাচীন নগর, অরণ্য ও যুদ্ধক্ষেত্রের বাস্তবসম্মত পুনর্নির্মাণ। সঙ্গে হাজারো যোদ্ধার যুদ্ধ কোরিওগ্রাফি, উচ্চমানের সিজিআই–ভিএফএক্স, মোশন ক্যাপচার, দেবাস্ত্রের বিশেষ প্রভাব, গবেষণানির্ভর পোশাক-অলংকার ও অর্কেস্ট্রাল ব্যাকগ্রাউন্ড স্কোর-সব মিলিয়ে ব্যয়ের অঙ্ক দ্রুত ফুলে ওঠাই স্বাভাবিক।

এর আগে বাহুবলী ও আরআরআর-এ ভিজ্যুয়াল গল্প বলায় নতুন মানদণ্ড স্থাপন করেছিলেন রাজামৌলি। তাই ‘বারাণসী’ সত্যিই যদি হলিউডমানের দৃশ্য ও আবেগের মেলবন্ধন হাজির করতে পারে, তবে এই ২৫ মিনিটই হয়ে উঠতে পারে ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের এক মাইলফলক। তবে আপাতত সবই গুঞ্জন, চূড়ান্ত সত্য জানার অপেক্ষা।
এবি/টিএ
এবি/টিএ