রানি নন, ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর ‘টিনা’ হওয়ার কথা ছিল রবিনার!
ছবি: সংগৃহীত
০৭:৪৯ এএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
প্রেম-বন্ধুত্ব-সম্পর্কের এক অসাধারণ বুনোটে নির্মিত নয়ের দশকের ছবি 'কুছ কুছ হোতা হ্যায়'। যা আজও সমানভাবে প্রাসঙ্গিক। এই ছবির হাত ধরেই বলিউডে পরিচালক হিসেবে জার্নি শুরু করেন করণ জোহর। তাঁর পরিচালনায় প্রথম ছবি যে আমেজ তৈরি করেছিল সকলের মনে তা আজও অক্ষুণ্ণ।
রাহুল-অঞ্জলি আর টিনার সম্পর্কের টানাপোড়েন, ওঠাপড়া, বন্ধুত্ব, প্রেম-অপ্রেম, সবমিলিয়ে এই ছবি যেন এক অন্য আবেগ তৈরি করে। আর এই তিন চরিত্রে শাহরুখ খান, কাজল ও রানি মুখোপাধ্যায়কে যেভাবে ভালোবাসায় ভরিয়েছিলেন দর্শক তা আজও একই রয়েছে। কিন্তু জানেন কি রানি অভিনীত 'টিনা' চরিত্রে তাঁর বদলে অভিনয় করার কথা ছিল বলিউডের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রবিনা ট্যান্ডনের?
রানির বদলে তাঁর কাছেই প্রথম গিয়েছিল এই প্রস্তাব। কিন্তু তা ফিরিয়ে দিয়েছিলেন রবিনা। কিন্তু কেন? সাম্প্রতিককালে এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খোলেন রবিনা। জানান, কেন করণ পরিচালিত প্রথম ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন তিনি।
রবিনা বলেন, "করণ আজও আমাকে অভিযোগের সুরে বলে আমি ওর প্রথম পরিচালিত ছবিতে কেন অভিনয় করিনি। কিন্তু আমি ওকে এটাই বলি, আসলে আমি ওই সময়ে আমার কেরিয়ারের যে জায়গায় ছিলাম সেখানে দাঁড়িয়ে আমার পক্ষে নতুন করে কিছু শুরু করা সম্ভব ছিল না। একটা ছবিতে নায়িকার চরিত্রের বদলে পার্শ্বচরিত্রে অভিনয় করা আমার পক্ষে সম্ভব ছিল না।"
রবিনা আরও বলেন, "ওই সময়ে আমার যেহেতু ফিল্মি কেরিয়ার তৈরির সময় ছিল তাই আমাকে খুব সচেতন হয়ে ছবি বাছতে হত। তবে ওই সময়ে ওই চরিত্রে রানিকে খুবই ভালো মানিয়েছিল। কারণ ও একেবারে নতুন মুখ ছিল। আর দর্শকও ওকে ওই চরিত্রে ভীষণ ভালোভাবে গ্রহণ করেছিলেন। কিন্তু আমার জন্য ওই চরিত্রটা করা খুবই কঠিন ছিল।"

উল্লেখ্য, ওই সময়ে রবিনার কেরিয়ারে বৃহস্পতি তুঙ্গে ছিল বলা যায়। 'মোহরা', 'খিলাড়িয়ো কা খিলাড়ি', 'দুলহে রাজা' ছবিতে নায়িকার ভূমিকায় বাজিমাত করেছিলেন রবিনা। হয়ে উঠেছিলেন বলিউডের প্রথম সারির নায়িকা।
এখানেই শেষ নয়, করণের ছবির মতোই জনপ্রিয় 'ছাঁইয়া ছাঁইয়া'র প্রস্তাবও ফিরিয়েছিলেন রবিনা। পরে সেই জনপ্রিয় গানে দেখা যায় 'আইটেম গার্ল' মালাইকাকে।
পরে যদিও এই নিয়েও মুখ খোলেন রবিনা। জানিয়েছিলেন, মণি রত্নমের পরবর্তীতে সাক্ষাতে নায়িকা জানিয়েছিলেন, তাঁর ছবিতে অভিনয় করা রবিনার কাছে স্বপ্ন। এমনকী 'ছাঁইয়া ছাঁইয়া'তেও পারফর্ম করতে চেয়েছিলেন। কিন্তু পরিস্থিতির জন্য তা হয়ে ওঠেনি।
অভিনয়ের জার্নি শুরুর আগে মডেলিং-এর দুনিয়ায় নিজের পায়ের তলার জমি শক্ত করেছিলেন রবিনা। নজরে এসেছিলেন পরিচালক-ফটোগ্রাফার শান্তনু শোরের। এর পরেই বদলে গিয়েছিল ভাগ্যের চাকা। 'পাত্থর কে ফুল' ছবির হাত ধরে অভিষেক হয় অভিনয়ে রবিনার।
২০০১ সালে 'দামন: আ ভিকটিম অফ ম্যারিটাল ভায়োলেন্স' ছবির জন্য জাতীয় পুরস্কার পান রবিনা। পরবর্তীতে তাঁর মেয়ে রাশাও পা রেখেছেন অভিনয় জগতে।
টিজে/এসএন