হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান
ছবি: সংগৃহীত
০৮:৫৬ এএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
বিশ্বের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) গতকাল এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য।
বিবৃতিতে বলা হয়েছে, প্রতিরক্ষা বাহিনীর লাইভ মহড়ার কারণে সাময়িকভাবে হরমুজ প্রণালী বন্ধ করা হয়েছে। মহড়া শেষ হলে ফের এটি খুলে দেওয়া হবে।
তবে কবে মহড়া শেষ হবে- সে সংক্রান্ত কোনো তথ্য বা ইঙ্গিত আইআরজিসির বিবৃতিতে দেওয়া হয়নি।
অবশ্য হরমুজ প্রণালী যে বন্ধ করা হতে পারে- এমন ইঙ্গিত গত মঙ্গলবার দিয়েছিল রেভোল্যুশনারি গার্ড। আইআরজিসি’র কমান্ডার ও মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল আলীরেজা তাঙ্গসিরি এক বিবৃতিতে জানিয়েছিলেন, হরমুজ প্রণালীতে লাইভ মহড়ার আয়োজন করতে যাচ্ছে। যতদিন এই মহড়া চলবে- ততদিন এই প্রনালী দিয়ে বাণিজ্যিক জাহাজের চলাচল বন্ধ থাকবে।
“বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ কবে খুলে দেওয়া হবে- তা রাজনৈতিক নেতৃত্বের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে”, বিবৃতিতে বলেছেন আলীরেজা তাঙ্গসিরি।
কেএন/এসএন