© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কী ভাবে হাজার কোটির মালিক হলেন সাজিদ?

শেয়ার করুন:
কী ভাবে হাজার কোটির মালিক হলেন সাজিদ?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৪ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
ব্যক্তিজীবনের গভীর শোক আর পেশাগত সাফল্যের উজ্জ্বল আলো এই দুই বিপরীত স্রোত মিলিয়েই গড়ে উঠেছে সাজিদ নাদিয়াদওয়ালার জীবনের গল্প। বলিউডের সফল প্রযোজকদের তালিকায় যার নাম উচ্চারিত হয় শ্রদ্ধার সঙ্গে, তার পথচলার শুরু কিন্তু ছিল নীরব পরিশ্রম আর সহকারী হিসেবে দীর্ঘ দিন কাটানোর মধ্য দিয়ে। জন্মদিন ঘিরে তাই ফিরে আসে তার জীবনের সেই লড়াই আর অর্জনের স্মৃতি।

আশির দশকের শেষভাগে চলচ্চিত্র জগতে কাজ শুরু করেন সাজিদ। পারিবারিক সূত্রে সিনেমার অন্দরমহলের সঙ্গে পরিচয় ছিল আগেই, তাই নিজের কাকুর প্রযোজনা প্রতিষ্ঠানে সহকারী হিসেবে কাজ করতে করতেই শেখেন ছবির নির্মাণশৈলী, ব্যবসায়িক কৌশল আর শিল্পের নেপথ্যের বাস্তবতা। সেই অভিজ্ঞতার ভরসাতেই নব্বইয়ের দশকের শুরুতে নিজের প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন তিনি। প্রথম ছবির মধ্য দিয়েই জানান দেন, দীর্ঘ পথ হাঁটার প্রস্তুতি নিয়েই এসেছেন।



কিন্তু পেশাগত উত্থানের মাঝেই ব্যক্তিজীবনে নেমে আসে এক অপ্রত্যাশিত অন্ধকার। ১৯৯২ সালে অভিনেত্রী দিব্যা ভারতীকে বিয়ে করেন সাজিদ। স্বপ্নের সংসার গড়ার এক বছরের মধ্যেই হঠাৎ মৃত্যুর খবরে ভেঙে পড়ে সেই সুখের ঘর। ব্যালকনি থেকে পড়ে গিয়ে মৃত্যুর ঘটনাকে ঘিরে নানা জল্পনা ছড়ালেও শেষ পর্যন্ত সেটিকে দুর্ঘটনাই বলা হয়। এই শোক তার জীবনে গভীর ছাপ ফেললেও কাজের জগৎ থেকে নিজেকে সরিয়ে নেননি তিনি। বরং সময়ের সঙ্গে নিজেকে আরও বেশি ডুবিয়ে দেন প্রযোজনার কাজে।

পরবর্তী বছরগুলোতে একের পর এক বাণিজ্যিকভাবে সফল ছবি তার ঝুলিতে জমা হতে থাকে। ‘বাগী’, ‘হাউজ়ফুল’, ‘হাইওয়ে’, ‘হিরোপন্তিএর মতো ছবিগুলো তাকে বলিউডে শক্ত অবস্থান এনে দেয়। পরে ‘হে বেবি’, ‘মুঝসে শাদি কারোগি–র সাফল্য সেই অবস্থানকে আরও মজবুত করে। ছবির পাশাপাশি বিভিন্ন খাতে বিনিয়োগও বাড়তে থাকে, আর ধীরে ধীরে গড়ে ওঠে বিশাল সম্পদের সাম্রাজ্য।

আজ শোনা যায়, তার মোট সম্পদের পরিমাণ হাজার কোটির ঘর ছুঁয়েছে। বিলাসবহুল আবাসন, জমি, দামী গাড়ির বহর সব মিলিয়ে জীবনযাত্রায় এসেছে ঐশ্বর্যের ছাপ। তবু তার গল্পের ভেতরে রয়ে গেছে সেই প্রথম দিনের সংগ্রাম আর ব্যক্তিগত জীবনের গভীর ক্ষত। হারানোর বেদনাকে সঙ্গী করেই যে সাফল্যের চূড়ায় পৌঁছানো যায়, সাজিদের জীবন যেন তারই এক উজ্জ্বল উদাহরণ।

পিআর/এসএন

মন্তব্য করুন