ঋণখেলাপির অভিযোগে অভিনেতা সোহমের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত
০১:৫৭ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নতুন বিতর্কে জড়ালেন অভিনেতা ও বিধায়ক সোহম চক্রবর্তী। তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে হাইকোর্টে মামলা দায়ের করেছেন অভিনেতা-রাজনীতিবিদ শাহিদ ইমাম।
অভিযোগ অনুযায়ী, ২০২১ সালে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে শাহিদের কাছ থেকে ৬৮ লাখ রুপি ধার নিয়েছিলেন সোহম। অভিযোগকারীর দাবি, সেই অর্থের মধ্যে মাত্র ২৫ লাখ রুপি ফেরত দেওয়া হয়েছে।
বাকি অর্থ দীর্ঘদিন ধরে পরিশোধ না করায় তিনি আইনের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন।
পাশাপাশি তিনি দাবি করেন, পাওনা টাকা ফেরত চাইতে গেলে উল্টো চাপ ও হুমকির মুখেও পড়তে হয়েছে।
শাহিদ বলেন, ‘দু’বছর অপেক্ষার পর বাধ্য হয়ে সোমবার সোহমের বিরুদ্ধে ঋণখেলাপির মামলা দায়ের করেছি। মঙ্গলবার লিখিত অভিযোগ দায়ের করি চারু মার্কেট থানায়।’
অন্যদিকে, ঋণ নেওয়ার বিষয়টি অস্বীকার করেননি সোহম। তার বক্তব্য, একটি চলচ্চিত্র নির্মাণের প্রয়োজনে ওই অর্থ নেওয়া হয়েছিল।

তিনি জানান, আর্থিক জটিলতা ও চলচ্চিত্র মুক্তি বিলম্বিত হওয়ায় পুরো টাকা একসঙ্গে ফেরত দেওয়া সম্ভব হয়নি। তবে বাকি ৪৩ লাখ রুপি পরিশোধের প্রতিশ্রুতি তিনি একাধিকবার দিয়েছেন বলেও দাবি করেন।
হুমকির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করে সোহম বলেন, নির্বাচনের আগে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই বিষয়টি সামনে আনা হয়েছে।
এদিকে অভিযোগকারী ইতিমধ্যে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি এখন আদালতের বিবেচনায় রয়েছে।
পিআর/এসএন