সংগীতে নিজের ‘স্বতন্ত্র’ পরিচয় গড়তে চান এ আর রহমানের ছেলে
ছবি: সংগৃহীত
০৩:৪৩ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউড ও আন্তর্জাতিক সংগীতজগতে এ আর রহমান এক অনন্য ব্যক্তিত্ব। সেই উত্তরাধিকার বহন করেই সংগীতজগতে নিজের আলাদা পরিচয় গড়ে তোলার পথে হাঁটছেন তার ছেলে গায়ক এ আর আমিন। বাবার নাম ও খ্যাতির চাপ থাকলেও নিজের স্বতন্ত্র পরিচয় ধরে রাখতে চান এই নব্য গায়ক।
সম্প্রতি বাবার সঙ্গে যৌথভাবে ‘ভীগি ভীগি’ গানটি প্রকাশ করেছেন এ আর আমিন। গানটিতে অভিনয় করেছেন দুলকার সালমান ও ম্রুণাল ঠাকুর। বাবার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে আমিন বলেন, এটি তার কাছে একটি বিশেষ সম্মান ও সৌভাগ্যের বিষয়। তার কথায়, বাবার উপস্থিতি গানটিকে আরও বিশেষ করে তুলেছে এবং পেশাগতভাবে দুজনের মধ্যে রয়েছে পারস্পরিক শ্রদ্ধা।
বাবার মতো কিংবদন্তি সংগীতশিল্পীর পথ অনুসরণ করতে গিয়ে চাপ ও প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক বলে মনে করেন আমিন। তবে তিনি জানান, এই বিষয়টি তাকে বিচলিত করে না। বরং নিজের পথ নিজেই তৈরি করতে চান তিনি।

তিনি বলেন, ‘আমি কারো মতো হওয়ার চেষ্টা করছি না। আশা করি সংগীতে আমার মৌলিকতা বজায় থাকবে। বাবার জীবন ও কাজ থেকে আমি শিখেছি তা হলো বাহ্যিক রূপ দেখে কাউকে বিচার না করা।’
‘সীতা রামাম’ ছবির পর দুলকার সালমান ও ম্রুণাল ঠাকুরকে আবার একসঙ্গে তার মিউজিক ভিডিওতে পাওয়া নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করে আমিন জানান, ‘দুই তারকার ব্যস্ত শিডিউলের মাঝেই শেষ মুহূর্তে সময় মিলে যাওয়ায় এই কাজটি সম্ভব হয়েছে। প্রায় এক বছর ধরে পরিকল্পনার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে গানটি প্রকাশ পায়।’
বর্তমান সময়ে সংগীতে শুধু পর্দার তারকারাই নয় বরং এর সঙ্গে যুক্ত প্রতিটি মানুষের অবদান সমানভাবে স্বীকৃতি পাওয়া উচিত বলে মনে করেন এ আর আমিন। লাইটম্যান থেকে শুরু করে সেটে থাকা প্রত্যেকের শ্রমের কথা স্মরণ করে বলেন, ভবিষ্যতে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চান, যেখানে সংগীতের সঙ্গে যুক্ত প্রতিটি মানুষ তাদের প্রাপ্য সম্মান ও স্বীকৃতি পাবেন।
পিআর/এসএন