৬২ বছর বয়সী গোবিন্দর পরকীয়ার অভিযোগ, কোন শর্তে ক্ষমা করবেন স্ত্রী?
ছবি: সংগৃহীত
০৪:০৩ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজা-র সম্পর্ক নিয়ে নতুন করে জোর গুঞ্জন শুরু হয়েছে। ৩৭ বছরের দাম্পত্যে ফাটলের ইঙ্গিত মিলেছে তাদের সাম্প্রতিক মন্তব্যে। কিছুদিন আগে ৬২ বছর বয়সী অভিনেতার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন সুনীতা। তবে শর্তসাপেক্ষে স্বামীকে ক্ষমা করতেও রাজি আছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীতা স্পষ্ট জানান, সবকিছু নির্ভর করছে পরিবর্তনের ওপর। তার কথায়, গোবিন্দ যদি নিজের আচরণ ও সিদ্ধান্তে পরিবর্তন আনেন, তবেই ক্ষমা করার বিষয়টি বিবেচনা করবেন। যদিও এখনও সম্পর্ক ভেঙে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি।
সুনীতা আরও বলেন, গোবিন্দ তার ছোটবেলার প্রেম। দীর্ঘ বৈবাহিক জীবনে একসঙ্গে কাটানো অসংখ্য স্মৃতি সহজে ভোলা সম্ভব নয়। তবে শুধু আবেগ দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না বলেও মত তার। দাম্পত্যে বিশ্বাস, সম্মান ও স্বচ্ছতার গুরুত্বের কথাও উল্লেখ করেন তিনি।
১৯৮৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন গোবিন্দ ও সুনীতা। তাদের দুই সন্তান, মেয়ে টিনা ও ছেলে যশবর্ধন। যদিও গোবিন্দের বিরুদ্ধে ওঠা অভিযোগে সুনীতা সরাসরি কোনও প্রমাণের কথা বলেননি, তবে অন্য কারও সঙ্গে সম্পর্কের গুঞ্জন তিনি শুনেছেন বলে জানান। প্রমাণ না পাওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করতে চান না বলেও স্পষ্ট করেন তিনি।
এমআর/টিএ