প্রেমানন্দের আশ্রমে আবারও বিরাট-অনুষ্কা, গলায় তুলসীর মালা!
ছবি: সংগৃহীত
০৪:১২ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউড তারকাদের আধ্যাত্মিক অনুরাগ নতুন নয়, তবে আবারও আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ–এর আশ্রমে উপস্থিত হয়ে আলোচনায় এলেন তারকা দম্পতি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁরা আশ্রমে পৌঁছান এবং প্রায় এক ঘণ্টা বিভিন্ন আধ্যাত্মিক কর্মসূচিতে সময় কাটান। দু’জনের গলাতেই ছিল তুলসীর মালা, কপালে তিলক যা ভক্তদের দৃষ্টি কাড়ে।
কয়েক দিন আগেই মুম্বই বিমানবন্দরে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। সেখান থেকেই সরাসরি তাঁরা প্রেমানন্দ মহারাজের কেলিকুঞ্জ আশ্রমে যান বলে জানা যায়। এর আগেও একাধিকবার এই আশ্রমে তাঁদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এবারও সফরের পেছনে ছিল পারিবারিক এক বিশেষ উপলক্ষ।

আশ্রম প্রাঙ্গণে তাঁদের উপস্থিতির কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একটি ভিডিওচিত্রে দেখা যায়, নীরবে বসে আছেন বিরাট ও অনুষ্কা। চারপাশে ভক্তদের ভিড়, সবাই মনোযোগ দিয়ে শুনছেন কীর্তন ও গুরু বাণী। অনুষ্কার পরনে ছিল নীল রঙের পোশাক, গলায় তুলসীর মালা; বিরাটের পরনে সাদা শার্ট, তাঁর গলাতেও একই মালা। দু’জনের কপালেই স্পষ্ট তিলকের চিহ্ন।
জানা গেছে, গত ১৫ ফেব্রুয়ারি ছিল তাঁদের পুত্রের জন্মদিন। সন্তানের মঙ্গল কামনা এবং পরিবারের কল্যাণ প্রার্থনা করতেই আশ্রমে গিয়েছিলেন এই তারকা দম্পতি। এর আগেও একাধিকবার তাঁরা প্রেমানন্দ মহারাজের শরণাপন্ন হয়েছেন। গত বছরের ডিসেম্বর মাসেও তাঁদের সেখানে দেখা যায়। সে সময় অনুষ্কা বলেছিলেন, তাঁরা নিজেদের গুরু স্মরণ করে তাঁর কাছেই সমর্পিত থাকতে চান। উত্তরে প্রেমানন্দ মহারাজ ভক্তদের উদ্দেশে আধ্যাত্মিক উপদেশ দেন এবং নাম জপের গুরুত্ব তুলে ধরেন।
এমকে/টিএ