© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছাত্রজীবন থেকেই জাতীয় প্রেস ক্লাব আমার ‘সেকেন্ড হোম’ : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

শেয়ার করুন:
ছাত্রজীবন থেকেই জাতীয় প্রেস ক্লাব আমার ‘সেকেন্ড হোম’ : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৪ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
সাংবাদিক সমাজের সমস্যার সমাধান না করলে গণমাধ্যমের সমস্যা সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্যে সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

সাক্ষাতে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, সাংবাদিক বাছির জামান, একেএম মহসীন কাজী রওনক প্রমুখ।

তথ্যমন্ত্রী বলেন, ছাত্রজীবন থেকেই জাতীয় প্রেস ক্লাব আমার ‘সেকেন্ড হোম’। এখানকার সাংবাদিকদের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। প্রেস ক্লাবে এলে অনেক পুরোনো স্মৃতি মনে পড়ে। একসময় এখানকার ডালপুরি খেয়ে হরতাল-সমাবেশের কর্মসূচি বাস্তবায়ন করেছি।

তিনি বলেন, এখন আমি গণমাধ্যমের দায়িত্বের জায়গায় রয়েছি। সাংবাদিক সমাজের সমস্যার সমাধান না করলে গণমাধ্যমের সমস্যা সমাধান সম্ভব নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত দফাগুলোর মধ্যে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সে আলোকে মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন করা হবে। এর আগে সাংবাদিক সমাজ এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা ও পরামর্শ করা হবে।

বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, একটি রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে উঠেছে। সাংবাদিকতার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কাজ করতে চাই।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ বলেন, তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী নিজ উদ্যোগে প্রেসক্লাবে এসেছেন, এতে সাংবাদিকরা আনন্দিত। গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতার অভিযাত্রায় পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়া সম্ভব।

বিএফইউজে মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন, সাংবাদিকদের প্রধান দাবি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা। অতীতে গণমাধ্যমকর্মীরা নিপীড়নের শিকার হয়েছেন।

তিনি আরও বলেন, গণমাধ্যম রাষ্ট্র পরিচালনায় সহায়ক ভূমিকা রাখে। সাংবাদিকরা সত্য তুলে ধরবেন, সরকার সেই সত্যের ভিত্তিতে পদক্ষেপ নেবে, এটাই প্রত্যাশা।

এমআর/টিএ 

মন্তব্য করুন