৭৫ দিনেও অপ্রতিরোধ্য ‘ধুরন্ধর’!
ছবি: সংগৃহীত
০৪:২২ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তোলা ছবি ধুরন্ধর যেন থামতেই জানে না। দিন গড়িয়েছে, সপ্তাহ পেরিয়েছে, তবু দর্শকের আগ্রহ একচুলও কমেনি। বড় পর্দায় টানা পঁচাত্তর দিন দৌড়ে নতুন ইতিহাস গড়ল ছবিটি। বলিউডের সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত সাফল্যের তালিকায় নিজের নাম আরও উজ্জ্বল করে লিখে ফেলল এই স্পাই থ্রিলার।
ছবিটির কেন্দ্রবিন্দুতে থাকা রণবীর সিং এর কেরিয়ারে এই ছবি যেন নতুন প্রাণ সঞ্চার করেছে। দীর্ঘদিনের ওঠানামার পর এই সাফল্য তাঁকে ফের দর্শকের প্রথম সারিতে ফিরিয়ে এনেছে। পরিচালনায় আদিত্য ধর শুরু থেকেই ছবিটিকে এক ভিন্ন মাত্রা দিতে চেয়েছিলেন, আর সেই চেষ্টাই যেন বাস্তবে রূপ পেয়েছে প্রেক্ষাগৃহের দীর্ঘ যাত্রায়।
শুধু সময়ের নিরিখেই নয়, আয়েও নজির গড়েছে এই ছবি। দেশের মাটিতে কয়েকশো কোটির ব্যবসা পেরিয়ে বিশ্বব্যাপী হাজার কোটির গণ্ডিও অতিক্রম করেছে ছবিটি। এত দীর্ঘ সময় প্রেক্ষাগৃহে টিকে থেকে এমন বিপুল ব্যবসা সাম্প্রতিক ভারতীয় চলচ্চিত্র জগতে বিরল বলেই মনে করছেন বিশ্লেষকেরা। ওটিটি মাধ্যমে মুক্তির পরও বড় পর্দায় দর্শকের ভিড় কমেনি, বরং কৌতূহল আরও বেড়েছে।

অভিনয়ের দিক থেকেও ছবিটি আলাদা মাত্রা পেয়েছে। অক্ষয় খান্না, আর মাধবন এবং সঞ্জয় দত্ত প্রত্যেকেই নিজেদের চরিত্রে নতুন চেহারায় ধরা দিয়েছেন। বিশেষ করে একটি র্যাপ গানে অক্ষয়ের নাচ দর্শকের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি করেছে। ছবির সাফল্যের রেশ কাটতে না কাটতেই নির্মাতারা ঘোষণা করেছেন এর পরবর্তী অধ্যায়ের। ইতিমধ্যেই টিজার সামনে এসেছে, আর দর্শকের অপেক্ষা এখন নতুন মুক্তির দিনের দিকে।
এই দীর্ঘ দৌড় প্রমাণ করে দিয়েছে, সঠিক গল্প, তারকা উপস্থিতি আর নির্মাণশৈলী একসঙ্গে মিললে সময়ের পরীক্ষায় টিকে থাকা অসম্ভব নয়। ‘ধুরন্ধর’ এখন কেবল একটি ছবি নয়, বরং সাম্প্রতিক বলিউডের সাফল্যের এক প্রতীক হয়ে উঠেছে।
পিআর/এসএন