© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পোশাক বিতর্কে আবার আলোচনায় তানিয়া মিত্তল

শেয়ার করুন:
পোশাক বিতর্কে আবার আলোচনায় তানিয়া মিত্তল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৭ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
পোশাক নিয়ে মন্তব্য করেই নতুন বিতর্কে জড়ালেন তানিয়া মিত্তল। সামাজিক যোগাযোগমাধ্যমে শাড়ি পরা ভিডিওর মাধ্যমেই যিনি ব্যাপক পরিচিতি পেয়েছিলেন, সেই তিনিই এবার জানালেন শাড়ির প্রতি নাকি তাঁর অনীহা তৈরি হয়েছে। স্কার্ট বা পাশ্চাত্য পোশাক পরার ইচ্ছার কথা প্রকাশ করতেই নেটদুনিয়ায় ধেয়ে আসে কটাক্ষ ও সমালোচনার ঢেউ।

সম্প্রতি এক ভিডিওবার্তায় তানিয়া বলেন, তিনি মূলত ফ্রক কিংবা স্কার্ট পরতেই স্বচ্ছন্দ বোধ করেন, কিন্তু সমাজের দৃষ্টিভঙ্গির কারণেই শাড়ি পরতে বাধ্য হন। তাঁর এই বক্তব্য প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা। একাংশের দাবি, ইচ্ছাকৃতভাবেই আলোচনায় থাকার কৌশল হিসেবে এমন মন্তব্য করেছেন তিনি। অন্যদিকে অনেকেই ব্যক্তিগত স্বাধীনতার প্রশ্ন তুলে তাঁর মতের পক্ষে অবস্থান নেন।



মহাকুম্ভ পরিদর্শনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই আলোচনায় আসেন তানিয়া। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় বিতর্কিত রিয়্যালিটি অনুষ্ঠান বিগ বস ১৯-এ অংশ নেওয়ার সুযোগ পান তিনি। উদ্যোক্তা পরিচয়ের পাশাপাশি নিজেকে আধ্যাত্মিক বিষয়বস্তু নির্মাতা হিসেবেও তুলে ধরেন তানিয়া। শাড়ি পরা একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়েই তাঁর পরিচিতি দ্রুত বিস্তার লাভ করে।

তবে যে শাড়িকে কেন্দ্র করেই জনপ্রিয়তা, সেই শাড়ির প্রতিই অনীহার কথা প্রকাশ করায় বিস্মিত হয়েছেন অনেক অনুসারী। নেটাগরিকদের একটি অংশের অভিযোগ, সচেতনভাবেই বিতর্ক উসকে দিয়ে আলোচনায় থাকতে চান তিনি। আবার অন্যরা মনে করছেন, পোশাক সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দের বিষয় এ নিয়ে সামাজিক চাপ তৈরি হওয়া অনুচিত। অনুষ্ঠান চলাকালীন সময় থেকে শুরু করে এর বাইরেও নিয়মিত সমালোচনা ও ট্রলের মুখে পড়তে হচ্ছে তানিয়াকে। সাম্প্রতিক এই মন্তব্য ঘিরে আবারও পোশাক ও ব্যক্তিস্বাধীনতা নিয়ে নতুন করে বিতর্ক ছড়িয়ে পড়েছে অনলাইন জগতে।

এমকে/টিএ

মন্তব্য করুন