সেহরি, ইফতার ও তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর
ছবি: সংগৃহীত
০৫:৩১ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে জনস্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জরুরি নির্দেশনা দিয়েছেন সরকারপ্রধান।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর। তিনি জানান, আসন্ন রমজানে সেহরি, ইফতার এবং তারাবির নামাজের সময় যেন দেশজুড়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত থাকে, সে বিষয়ে প্রধানমন্ত্রী কঠোর নির্দেশনা প্রদান করেছেন।
বৈঠকের আলোচনা সম্পর্কে প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর আরও জানান, জনগণের বিপুল জনসমর্থনের প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, প্রতিটি মন্ত্রণালয়কে যেকোনো ধরনের প্রভাব ও স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে এবং দুর্নীতির প্রশ্নে সরকারকে একটি অত্যন্ত কঠোর অবস্থানে থাকতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে এই বৈঠকে।
এছাড়া রমজানকে কেন্দ্র করে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং দ্রব্যমূল্য যেন সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের তৎপর হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী জানান, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং স্বাস্থ্য কার্ডের মতো জনহিতকর কর্মসূচিগুলো দ্রুত দৃশ্যমান ও কার্যকর করতে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে সরকারের এই দৃশ্যমান পদক্ষেপগুলো দ্রুত শুরু করার ওপর বৈঠকে বিশেষ জোর দেওয়া হয়েছে।
আইকে/টিএ