জুলাই সনদ বাস্তবায়ন না করলে কোনো ছাড় দেয়া হবে না: জামায়াত আমির
ছবি: সংগৃহীত
০৫:৫৮ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও নবনির্বাচিত বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়েছেন, 'জুলাই সনদ' বাস্তবায়নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে একটি পরিচ্ছন্নতা অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কড়া বার্তা প্রদান করেন।
ডা. শফিকুর রহমান স্পষ্ট করে বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে জুলাইয়ের গণ-অভ্যুত্থানের চেতনার ওপর ভিত্তি করে, তাই সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। ডা. শফিকুর রহমান আরও জানান, অভ্যুত্থানের চেতনা ও জনগণের প্রত্যাশা পূরণে জামায়াতে ইসলামী রাজপথের পাশাপাশি সংসদেও সোচ্চার থাকবে।
রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের প্রতিটি স্তরের আবর্জনা' দূর করার অঙ্গীকার ব্যক্ত করে বিরোধীদলীয় নেতা বলেন যে, পরিচ্ছন্ন পরিবেশ মানুষের মনকে সজীব রাখে। গতকাল মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা উল্লেখ করে তিনি জানান যে, দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্যই তারা দ্বিমুখী শপথ গ্রহণ করেছেন। বিশেষ করে মিরপুরকে একটি 'মডেল জনপদ' হিসেবে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরে তিনি দলীয় নেতা-কর্মীদের প্রতিদিন সকালে এলাকা পরিষ্কার করার মাধ্যমে দিনের কাজ শুরু করার নির্দেশ দেন। তাঁর মতে, রাষ্ট্রীয় ও সামাজিক, উভয় সংস্কারই যুগপতভাবে চলতে হবে।
উল্লেখ্য যে, ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে আনুষ্ঠানিকভাবে বিরোধীদলীয় নেতা নির্বাচিত করা হয়েছে। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
আইকে/টিএ