জামিন পেলেন দুই শিক্ষিকা
অরিত্রী অধিকারী
মামলার ৪০ দিনের মাথায় জামিন পেলেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও শাখা প্রধান জিন্নাত আরা। এর আগে, ৪ ডিসেম্বর রাজধানীর পল্টন থানায় অরিত্রীর বাবা দিলীপ অধিকারী বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, গত বছরের ২ ডিসেম্বর স্কুলে পরীক্ষা চলাকালে শিক্ষকরা অরিত্রীর কাছে মোবাইল ফোন পান। যার মাধ্যমে নকল করার অভিযোগে অরিত্রীর মা-বাবাকে নিয়ে স্কুলে যেতে বলা হয়।
পরে অরিত্রীর বাবা-মা স্কুলে গেলে ভাইস প্রিন্সিপাল তাদের অপমান করে কক্ষ থেকে বের করে দেন এবং মেয়েকে টিসি দেয়া হবে বলে জানান। প্রিন্সিপালের কক্ষে গেলে তিনিও একই আচরণ করেন। এ সময় অরিত্রী দ্রুত প্রিন্সিপালের কক্ষ থেকে বের হয়ে বাসায় চলে যায়।
পরে তার বাবা-মা শান্তিনগরের বাসায় গিয়ে মেয়েকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে অরিত্রীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, সোমবার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক রাজেশ চৌধুরী সোমবার অভিযুক্ত শিক্ষকদের এই জামিন আদেশ দেন। সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা জালাল উদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, আসামিদের বয়স এবং অন্য আসামি হাসনাহেনা জামিনে আছেন বিধায় এই জামিন দেয়া হয়েছে। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ১১ ফেব্রুয়ারি দিন ধার্য আছে।
টাইমস/জেডআই/টিএইচ