© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বেলায় ফিরলেন সৈয়দা রিজওয়ানা হাসান

শেয়ার করুন:
বেলায় ফিরলেন সৈয়দা রিজওয়ানা হাসান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৩৭ পিএম | ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার দায়িত্ব শেষ করে আবারও পুরোনো ঠিকানায় ফিরেছেন পরিবেশ আন্দোলনের পরিচিত মুখ সৈয়দা রিজওয়ানা হাসান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) তিনি বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) প্রধান নির্বাহী হিসেবে আনুষ্ঠানিকভাবে কাজে যোগ দিয়েছেন। এ সময় সহকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

আজ বেলার অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়, 'বেলা গভীর আনন্দের সঙ্গে স্বাগত জানাচ্ছে সৈয়দা রিজওয়ানা হাসানকে-তিনি তার আপন ঠিকানায় ফিরে এসেছেন। তার ফিরে আসায় আমরা আশাবাদী, সংগঠন আরও শক্তিশালী হবে এবং পরিবেশগত ন্যায়বিচারের লড়াই আরও দৃঢ়ভাবে এগিয়ে নেবে।'

দেড় বছর আগে গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দায়িত্ব নেন রিজওয়ানা হাসান। তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পাশাপাশি পানিসম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। দায়িত্বকালে পরিবেশ সুরক্ষা ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় একাধিক দৃশ্যমান পদক্ষেপ নেয়ার কারণে তিনি আলোচনায় ছিলেন।

উপদেষ্টা হিসেবে তার সময়কালে পলিথিনের অবাধ ব্যবহার নিয়ন্ত্রণে অভিযান, অবৈধ পাহাড় কাটা বন্ধে কঠোর অবস্থান, বনভূমি দখলমুক্তকরণ, উপকূলীয় এলাকায় অনিয়ন্ত্রিত চিংড়ি ঘেরের বিরুদ্ধে ব্যবস্থা এবং সেন্টমার্টিন দ্বীপ রক্ষায় উদ্যোগ নেয়া হয়। নদী দখল ও দূষণ রোধেও প্রশাসনিক ও আইনি তৎপরতা বাড়ানো হয়।

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিনের পরিবেশগত অবহেলার জায়গাগুলোতে নীতি ও আইন সংশোধন করার হয়েছে। যার সুফল দীর্ঘমেয়াদী মিলবে।

বেলা সূত্রে জানা গেছে, রিজওয়ানা হাসানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সংগঠনটি আবারও পরিবেশ আন্দোলন ও আদালতভিত্তিক জনস্বার্থ মামলাসহ নীতিগত অ্যাডভোকেসিতে আরও বেশি জোর দেবে।

পরিবেশ আন্দোলনের কর্মীরা মনে করছেন, সরকারে নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা এবার বেলার কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।

প্রশাসনিক কাঠামো, নীতি প্রণয়ন ও বাস্তবায়নের জটিলতা কাছ থেকে দেখার ফলে ভবিষ্যৎ আইনি লড়াই ও নীতি-সংলাপে আরও কৌশলগত অবস্থান নেয়া সম্ভব হবে।

এমআর/টিএ 


মন্তব্য করুন