নিষেধাজ্ঞা অমান্য করে মিছিল-সমাবেশ, ৫ আ.লীগ নেতাকর্মী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০২:৪০ এএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
দিনাজপুরের পার্বতীপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দলীয় কার্যালয়ে সমাবেশ ও মিছিল করার অপরাধে স্থানীয় আওয়ামী লীগের পাঁচজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- পার্বতীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. আকতার হোসেন (৭০), সাবেক সভাপতি ডা. সাজ্জাদ হোসেন (৫৫), সদস্য ডা. গৌরাঙ্গ সরকার (৫৫), সাবেক বাস মোটর শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি তোজাম্মেল হোসেন (৫০) ও সদস্য মো. বাবুল হোসেন (৫০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শতাধিক নেতাকর্মী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে সেখানে অবস্থান নেন। তারা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর কার্যালয়ের গেটে মিছিল করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় ওই পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক জানান, সরকারি নির্দেশ অমান্য করে সমাবেশ করায় আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের ইতোমধ্যে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এসএস/টিএ