প্রাথমিকের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ
ছবি: সংগৃহীত
০৪:৩৬ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
যুগ্ম সচিব রেবেকা সুলতানার সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, ২০২৬ শিক্ষাবর্ষে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) ছাড়া মোট ৬৭ দিন ছুটি থাকবে।
প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২০২৬ সালে দীর্ঘতম ছুটি থাকছে পবিত্র রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে। এই পর্বে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ২৬ দিন শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে।
এ ছাড়া গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১০ দিন এবং শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ৮ দিনের ছুটি বরাদ্দ করা হয়েছে।

মূল্যায়ন ও পরীক্ষার সময়সূচি
নতুন শিক্ষাপঞ্জিতে তিনটি প্রান্তিক মূল্যায়নের সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে:
প্রথম প্রান্তিক মূল্যায়ন: ৫ মে থেকে ১৭ মে।
দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন: ১৭ আগস্ট থেকে ৩০ আগস্ট।
তৃতীয় প্রান্তিক মূল্যায়ন: ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর।
প্রাথমিক বৃত্তি পরীক্ষা: ২০ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে।
বার্ষিক ফলাফল প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৬।
বিশেষ নির্দেশনা
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন বা সংবর্ধনা উপলক্ষে বিদ্যালয় ছুটি দেয়া যাবে না। এমনকি পরিদর্শনকারী ব্যক্তির সম্মানে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে জাতীয় দিবসসমূহ যেমন: ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, বাংলা নববর্ষ ও ১৬ ডিসেম্বর যথাযথ মর্যাদায় বিদ্যালয়ে উদ্যাপন করতে হবে।
প্রধান শিক্ষকরা সংরক্ষিত কোটা থেকে বছরে সর্বোচ্চ ২ দিন ছুটি নিতে পারবেন, তবে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট থানা বা উপজেলা শিক্ষা অফিসারের অনুমোদন প্রয়োজন হবে।
টিজে/টিএ