© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিয়ের প্রস্তুতি তুঙ্গে বিজয়-রাশমিকার!

শেয়ার করুন:
বিয়ের প্রস্তুতি তুঙ্গে বিজয়-রাশমিকার!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৮ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
দীর্ঘ দিনের জল্পনা যেন এবার বাস্তবের দোরগোড়ায়। দক্ষিণী সিনেমার চর্চিত জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা-র বিয়ের প্রস্তুতি ঘিরে উত্তেজনা তুঙ্গে। কয়েক দিন আগেই সামাজিক মাধ্যমে তাঁদের বিয়ের আমন্ত্রণপত্র ফাঁস হয়েছিল। সেই থেকেই গুঞ্জনে সিলমোহর পড়েছে বলে মনে করছেন অনুরাগীরা। আর এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করল বিজয়ের বাড়ির আলোকসজ্জা।

পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে ঝলমলে আলোয় মোড়া তাঁর বাড়ি। বাইরে থেকে তোলা ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। আলো, সাজসজ্জা আর ব্যস্ততা সব মিলিয়ে যেন স্পষ্ট ইঙ্গিত, সানাই বেজে উঠতে আর দেরি নেই। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি দুই তারকা।



এরই মাঝে তাঁদের একসঙ্গে হায়দরাবাদ বিমানবন্দরে দেখা যাওয়ায় চর্চা আরও জোরদার হয়েছে। শোনা যাচ্ছে, উদয়পুরে বিয়ের যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখতেই সম্প্রতি শহরের বাইরে গিয়েছিলেন তাঁরা। শেষ মুহূর্তের আয়োজন সেরে ফিরেছেন বলেই খবর। গুঞ্জন, ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে বসতে চলেছে বিয়ের আসর। তার পর ৪ মার্চ হায়দরাবাদে হবে তারকাখচিত সংবর্ধনা অনুষ্ঠান।

বিয়ের আগে নিজের চেহারাতেও বদল এনেছেন বিজয়। একটি ছবির প্রয়োজনে রাখা লম্বা চুল কেটে আগের পরিচিত অবতারে ফিরেছেন তিনি। অন্যদিকে, গত অক্টোবরে নাকি নীরবে বাগদান সেরেছিলেন এই জুটি এমন কথাও শোনা যায়। রাশমিকার হাতে দামী আংটি দেখেই সেই জল্পনা জোরদার হয়েছিল। যদিও সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কখনও স্বীকারোক্তি দেননি কেউই। আট বছরের বন্ধুত্ব ও ঘনিষ্ঠতা নিয়ে নানা আলোচনা থাকলেও দু’জনেই থেকেছেন নীরব।

গুঞ্জন আরও বলছে, সংবর্ধনার মঞ্চে উপস্থিত থাকতে পারেন দক্ষিণী ও হিন্দি চলচ্চিত্র জগতের প্রথম সারির তারকারা। আল্লু অর্জুন, রামচরণ, রাজামৌলি, প্রভাস থেকে শুরু করে উত্তর ভারতের খান, কাপুর ও বচ্চন পরিবার সব মিলিয়ে আয়োজন হতে চলেছে জমকালো।

জল্পনা যতই বাড়ুক, আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। তবে আলোয় মোড়া বাড়ি আর শহরময় গুঞ্জন বলছে, বহু প্রতীক্ষিত অধ্যায় শুরু হতে চলেছে খুব শিগগিরই।

পিআর/টিএ

মন্তব্য করুন