দেউলিয়া হয়ে পথে বসেছেন গোবিন্দ! গুঞ্জনে ক্ষোভ প্রকাশ করল কে?
ছবি: সংগৃহীত
০৫:১৩ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
বলিউডপাড়ায় আচমকা ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর গুঞ্জন দেউলিয়া হয়ে নাকি পথে বসেছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক গোবিন্দ। সামাজিক মাধ্যমে ঘুরতে থাকা এই খবর মুহূর্তে আলোড়ন তোলে অনুরাগীদের মধ্যে। সত্যিই কি এমন দুরবস্থা তাঁর? নাকি নিছক রটনা?
এই প্রশ্নের জবাব দিতে সামনে এলেন অভিনেতার ভাগ্নে বিনয় আনন্দ। এক সাক্ষাৎকারে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, এই ধরনের কথা সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর দাবি, গোবিন্দ আজও সুপারস্টার। কোথাও উপস্থিত হলেই এখনও বিপুল অঙ্কের পারিশ্রমিক পেতে পারেন তিনি। যাঁরা তাঁকে দেউলিয়া বলছেন, তাঁদের উদ্দেশে বিনয়ের কড়া মন্তব্য এ সব নিছক মূর্খতার পরিচয়।
বিনয়ের কথায়, নব্বইয়ের দশকে যখন লোখন্ডওয়ালায় তুলনামূলক কম দামে ফ্ল্যাট মিলত, তখনই একটি ছবির জন্য কোটি টাকার পারিশ্রমিক নিতেন গোবিন্দ। প্রায় সত্তর থেকে আশিটি ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁর পারিশ্রমিকের অঙ্ক সেই সময় বহু সহ-অভিনেতার নাগালের বাইরে ছিল বলেও দাবি ভাগ্নের। এত বড় তারকার আর্থিক অবস্থা নিয়ে এভাবে গুজব ছড়ানোকে তিনি অসম্মানজনক বলেই মনে করেন।
উল্লেখ্য, সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়েও চর্চায় রয়েছেন গোবিন্দ। স্ত্রী সুনীতার সঙ্গে মনোমালিন্যের খবর প্রকাশ্যে এসেছে। সুনীতার অভিযোগ, বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা। সেই বিতর্কের আবহেই আচমকা দেউলিয়া হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকের ধারণা, ব্যক্তিগত জীবনের টানাপোড়েনকে ঘিরেই এমন রটনা ডালপালা মেলেছে।

তবে এখনও পর্যন্ত গোবিন্দ নিজে এই প্রসঙ্গে প্রকাশ্যে কিছু বলেননি। ফলে জল্পনা থামছে না। একদিকে নব্বইয়ের দশকের নাচ-অভিনয়ে মাত করা তারকা, অন্যদিকে আর্থিক দুরবস্থার খবর এই বৈপরীত্যই কৌতূহল বাড়াচ্ছে আরও।
তারকাদের জীবনকে ঘিরে গুজব নতুন নয়। কিন্তু সত্যি আর রটনার ফারাক বোঝা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। আপাতত ভাগ্নের বক্তব্যেই স্পষ্ট, গোবিন্দকে নিয়ে ছড়ানো দেউলিয়া হওয়ার খবরকে তিনি সম্পূর্ণ ভুয়ো বলেই মানছেন।
পিআর/টিএ