আমি শাহরুখ হয়েছি সেলিম খানের কারণেই: শাহরুখ
ছবি: সংগৃহীত
০৭:১৭ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
সালমান খানের বাবা ও প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খানের অসুস্থতার খবরে বেশ কয়েকদিন ধরে উদ্বিগ্ন পুরো চলচ্চিত্র মহল। তবে স্বস্তির খবর, চিকিৎসকদের তত্ত্বাবধানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। এই সময়ে ফের আলোচনায় এসেছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের একটি পুরোনো মন্তব্য যেখানে তিনি অকপটে স্বীকার করেন আজ তিনি যা, তার পেছনে সেলিম খানের অবদান অনস্বীকার্য।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মস্তিষ্কে রক্তক্ষরণে সেলিম খানের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার একটি অস্ত্রোপাচার করা হয় এবং তাকে আইসিইউতে রাখা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল।
সেলিম খানের হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়াতেই সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াতে থাকে শাহরুখ খানের ২০১৮ সালের একটি সাক্ষাৎকার। সেখানে শাহরুখ বলেছিলেন, ‘আমি আজ শাহরুখ খান হয়েছি সেলিম খানের কারণেই।’
ক্যারিয়ারের শুরুর দিকের কথা স্মরণ করে শাহরুখ খান বলেন, ‘মুম্বাইয়ে নতুন এসে সংগ্রামের দিনগুলোতে সেলিম খানের বাড়িতেই নিয়মিত খাওয়া-দাওয়া করতেন তিনি। সেই সময় সেলিম খান যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তা আজও তার জীবনের অন্যতম বড় প্রেরণা হয়ে রয়েছে।’

টেলিভিশনে কাজের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা শাহরুখ খান ১৯৯২ সালে ‘দিওয়ানা’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন। আর সেই পথচলায় সেলিম খানের পরিবারের আন্তরিকতা ও সহযোগিতার কথা আজও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।
শুধু শাহরুখ খান নন, বলিউডের বহু শিল্পীই সেলিম খানের উদারতার গল্প শোনান। অভিনেতা সুরাজ পাঞ্চোলি এক সাক্ষাৎকারে জানান, খানের পরিবারের গ্যালাক্সি এপার্টমেন্টের বাড়ির দরজা সবার জন্য সবসময় খোলা থাকত। যে কেউ অনায়াসে ঢুকতে পারত, খাবারও নিতে পারত এমন উদার পরিবেশই তৈরি করেছিলেন সেলিম খান।
৯০ বছর বয়সী সেলিম খান শুধু একজন সফল লেখক নন, তিনি হিন্দি সিনেমার গল্প বলার ধরন বদলে দেয়া এক কিংবদন্তি। তার সহলেখক জাভেদ আখতারের সঙ্গে জুটি বেঁধে সত্তরের দশকে মূলধারার হিন্দি সিনেমাকে নতুন পরিচয় দেন। তাদের লেখনীতে তৈরি হয়েছিল একাধিক আইকনিক ছবি যার মধ্যে রয়েছে ‘শোলে’, ‘দিওয়ার’, ‘জঞ্জির’ এবং ‘ডন’।
পিআর/টিএ