সোনু, অজয়দের থেকে কত টাকা পেয়েছেন রাজপাল?
ছবি: সংগৃহীত
০৮:৩১ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
তিহাড় সংশোধনাগার থেকে মুক্তির পর আবারও আলোচনার কেন্দ্রে বলিউডের কৌতুক অভিনেতা রাজপাল যাদব। ৯ কোটি টাকার ঋণ শোধ করতে না পারায় আত্মসমর্পণ করতে হয়েছিল তাঁকে। সেই কঠিন সময়ে বলিউডের একাধিক তারকা তাঁর পাশে দাঁড়িয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে। বিশেষ করে সোনু সুদ, অজয় দেবগন ও সলমন খান-এর নাম সামনে আসে।
সোনু সুদ এক বার্তায় লিখেছিলেন, রাজপাল দেশের অন্যতম শক্তিশালী অভিনেতা, তবে জীবনে এমন সময় আসে যখন সব ওলটপালট হয়ে যায়। তিনি ইঙ্গিত দেন, তাঁর ছবিতে রাজপাল অভিনয় করবেন এবং এই সময় শিল্পের মানুষদের এক হওয়া উচিত। এরপর আরও কয়েক জন অভিনেতা সাহায্যের হাত বাড়ান বলে জানা যায়। তবে ঠিক কত টাকার আর্থিক সহায়তা তিনি পেয়েছেন, সেই বিষয়ে সরাসরি কিছু জানাননি রাজপাল। সাহায্যের অঙ্ক নিয়ে তিনি নীরবই থেকেছেন।

তিহাড়ে আত্মসমর্পণের আগে তিনি আবেদন করেছিলেন, যাঁরা আগে তাঁকে সাহায্য করেছেন, তাঁরা যেন আবারও পাশে দাঁড়ান। জেল থেকে বেরিয়ে এসে তিনি বলেন, সংশোধনাগারে সাধারণ মানুষ ও সম্মানীয় ব্যক্তিদের মধ্যে কোনও ভেদাভেদ করা হয় না। এই অভিজ্ঞতাই তাঁকে আরও বেশি করে জেল সংস্কারের প্রয়োজনীয়তার কথা ভাবিয়েছে।
জানা গেছে, তিহাড়ে অন্য বন্দিদের মতোই দিন কাটাতে হয়েছে তাঁকে। নির্দিষ্ট সময়ে খাবার, একই রকম থাকার ব্যবস্থা, কোনও বিশেষ সুবিধা নয়। তবু তাঁকে একবার দেখার জন্য অপেক্ষা করতেন অনেক বন্দি। আদালতের প্রতিটি শুনানিতে উপস্থিত থাকার কথাও জানিয়েছেন তিনি। তাঁর কথায়, দেশের কোটি কোটি মানুষের ভালবাসা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। পাশাপাশি আদালতকে ধন্যবাদ জানিয়েছেন নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ দেওয়ার জন্য।
আর্থিক সঙ্কট, সহকর্মীদের সহমর্মিতা এবং আইনি লড়াই সব মিলিয়ে নতুন অধ্যায়ে পা রেখেছেন রাজপাল যাদব। তবে সাহায্যের নির্দিষ্ট অঙ্ক যতই অজানা থাক, বলিউডের একাংশ যে তাঁর পাশে দাঁড়িয়েছে, তা স্পষ্ট।
পিআর/টিএ