অভিনয় থেকে বিরতির ঘোষণা সামিরা খান মাহির!
ছবি: সংগৃহীত
১০:১৯ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
অল্প সময়ে সাবলীল অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন সামিরা খান মাহি। বর্তমান সময়ের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় ও ব্যস্ত অভিনেত্রী তিনি। কিন্তু হঠাৎ বিরতির ঘোষণা দিলেন এই অভিনেত্রী।
সামাজিকমাধ্যমে মাহি জানিয়েছেন, জীবনের এই পর্যায়ে এসে তার একটু থামা প্রয়োজন।

এক পোস্টে মাহি লোখেন, ‘প্রিয় ভক্তরা, জীবনের প্রতিটি যাত্রায় মাঝেমধ্যে একটু বিরতি দরকার হয়। এইবার সেই বিরতিটাই নিচ্ছি। মনটা একটু ভারী, কারণ কাজ আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ।’
হঠাৎ কেন এই সিদ্ধান্ত? তা নিয়ে ভক্তদের মনে কৌতূহল উঁকি দিলেও মাহি স্পষ্ট করেছেন, এটি স্থায়ী কোনো বিদায় নয়।
তিনি আরও বলেন, ‘তবে এটা বিদায় না, শুধু অল্প সময়ের জন্য থামা। দোয়া রেখো, খুব তাড়াতাড়ি আবার ফিরব, ইনশাআল্লাহ।’
মাহির এমন পোস্টের নিচে মন্তব্যের ঘরে ভক্তরা তাকে শুভ কামনা জানাচ্ছেন। কেউ বলছেন কাজের চাপে মানসিক প্রশান্তির জন্য বিরতি প্রয়োজন, আবার কেউ তাকে দ্রুত পর্দায় ফেরার অনুরোধ জানাচ্ছেন।
তবে বিরতির কারণ নিয়ে বিস্তারিত আর কিছুই জানাননি মাহি।
পিআর/টিএ