প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের অভিনন্দন
ছবি: সংগৃহীত
১০:৫৮ পিএম | ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন। এক বিশেষ শুভেচ্ছাবার্তায় তিনি দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের এই অভিনন্দন বার্তা সম্বলিত চিঠিটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে প্রকাশ করেছে।
সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট তার চিঠিতে তারেক রহমানের উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তিনি ব্যক্তিগতভাবে এবং সুইস সরকারের পক্ষ থেকে অত্যন্ত আনন্দিত। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনার সুযোগ্য ও বলিষ্ঠ নেতৃত্ব দেশের অব্যাহত অগ্রগতি ও সার্বিক উন্নয়নে সুদূরপ্রসারী এবং গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে বিএনপি। দেশের দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। তার এই ক্ষমতা গ্রহণের পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা অভিনন্দন জানাতে শুরু করেছেন।
এমআর/টিএ