© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইয়েমেনে প্রতি ৪ পরিবারের তিনটিই খাদ্যসংকটে: জাতিসংঘ

শেয়ার করুন:
ইয়েমেনে প্রতি ৪ পরিবারের তিনটিই খাদ্যসংকটে: জাতিসংঘ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৯ পিএম | ০৩ অক্টোবর, ২০২৬
ইয়েমেনের বিভিন্ন এলাকায় যুদ্ধ-সংঘাতের কারণে খাদ্যসংকট ভয়াবহ আকার ধারণ করেছে। দেশটির কিছু অংশে প্রতি চার পরিবারের মধ্যে প্রায় তিনটি পরিবারই পর্যাপ্ত খাবার জোগাড় করতে পারছে না বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

শনিবার (৩ অক্টোবর) ডব্লিউএফপির দেওয়া তথ্য অনুযায়ী, ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণে থাকা এবং মানবিক সহায়তা পৌঁছানো সম্ভব, এমন এলাকাগুলোর প্রায় ৭৪ শতাংশ পরিবার তাদের ন্যূনতম খাদ্য চাহিদা পূরণ করতে পারছে 'না'। চলতি বছরে এ হার সর্বোচ্চ বলে জানিয়েছে সংস্থাটি।

ডব্লিউএফপির হিসাবে, সরকারের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোতে প্রায় এক কোটি মানুষ বসবাস করেন। সংঘাতের কারণে ইতোমধ্যে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। একই সঙ্গে ব্যাহত হচ্ছে খাদ্য সরবরাহ ও বাজারব্যবস্থা।

প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্য আমদানিনির্ভর ইয়েমেনে সংকট দ্রুত গভীর হচ্ছে। দেশটির মোট খাদ্য চাহিদার প্রায় ৯০ শতাংশই আমদানির মাধ্যমে পূরণ করা হয়। কিন্তু সংঘাতের কারণে বাজারব্যবস্থা ব্যাহত হওয়া এবং মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ কমে যাওয়ায় খাদ্যসংকট আরও তীব্র হচ্ছে।

সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনে লড়াইও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দেশটির বড় একটি অংশ নিয়ন্ত্রণকারী ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর সঙ্গে সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর সংঘাতের ফলে পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

জাতিসংঘের খাদ্য কর্মসূচি বলছে, যুদ্ধ-বাস্তুচ্যুতির পাশাপাশি খাদ্য সরবরাহে বিঘ্ন এবং মানবিক সহায়তার সুযোগ সংকুচিত হওয়ায় ইয়েমেনে ক্ষুধার পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে।

এসএন 

মন্তব্য করুন